রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে অভিযোগের সুযোগ নেই: চিফ হুইপ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ । ২:২১ অপরাহ্ণ

বিরোধী দলের অভিযোগ প্রসঙ্গে জাতীয় সংসদের চিফ হুইফ নূরুল ইসলাম মনি বলেন, বর্তমান সংবিধানের নিয়ম অনুযায়ী ভোটার তালিকা, তফসিল ঘোষণা, ভোটগ্রহণ এবং শপথ গ্রহণের সকল কাজ পরিচালিত হচ্ছে। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিরোধী দলের অভিযোগের সুযোগ নেই।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে তিনি এসব কথা বলেন।

চিফ হুইফ বলেন, আজ দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ সদস্যদের (এমপি) মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলবে। প্রধান নির্বাচন কমিশনার এই নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন। ভোটগ্রহণ শেষে বিকেল ৫টার পরপরই সবার উপস্থিতিতে ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।

গণমাধ্যমে সম্প্রচার প্রসঙ্গে তিনি বলেন, ভোট শুরু হওয়ার ৫ মিনিট আগে থেকে লাইভ সম্প্রচার শুরু হবে। ভোট চলাকালীন ৩ ঘণ্টা লাইভ বন্ধ থাকলেও পুরো প্রক্রিয়ার ইনট্যাক্ট রেকর্ডিং থাকবে। এরপর ভোট গণনা ও ফলাফল ঘোষণার সময় পুনরায় লাইভ করা হবে।

শপথ গ্রহণ অনুষ্ঠান প্রসঙ্গে নূরুল ইসলাম মনি বলেন, আগামীকাল সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নতুন নির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হবে।

তিনি জানান, সংবিধানের পঞ্চদশ সংশোধনী অনুযায়ী এখন প্রধান বিচারপতির পরিবর্তে সংসদের স্পিকার (বর্তমানে যিনি ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে আছেন) রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন।

প্রার্থীর পদত্যাগ ও অন্যান্য নিয়ম প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, রাষ্ট্রপতি প্রার্থী (মির্জা ফখরুল) যদি নির্বাচিত হন, তবে শপথ নেওয়ার সাথে সাথেই তার সংসদ সদস্য পদ এবং মন্ত্রিত্ব স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। এর জন্য আগে থেকে পদত্যাগ করার প্রয়োজন নেই।

তিনি আরও জানান, মির্জা আব্বাস অসুস্থতার কারণে ভোট দিতে আসতে পারবেন না। তবে বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি যেহেতু একজন সংসদ সদস্য, তাই তিনিও এই নির্বাচনে ভোট দেবেন।

কালের আলো/আরডি/এমডিএইচ

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন