নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে?

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ । ২:২১ অপরাহ্ণ

দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে শুরু হয়েছে। নির্বাচন শেষে আগামীকাল শুক্রবার নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে নতুন রাষ্ট্রপতিকে কে শপথ পড়াবেন, তা নিয়ে তৈরি হওয়া প্রশ্নের অবসান ঘটিয়েছে আইন মন্ত্রণালয়ের মতামত।

মন্ত্রিপরিষদ বিভাগের চাওয়া মতামতের পর আইন মন্ত্রণালয় জানিয়েছে, সংবিধান অনুযায়ী স্পিকারের দায়িত্বে থাকা ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালই নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়ানোর যথাযথ কর্তৃপক্ষ।

সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগের পর এই বিধান অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে, সংবিধানের ৭৪(৩) অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করলে তাঁর দায়িত্ব ডেপুটি স্পিকার পালন করেন। সে অনুযায়ী বর্তমানে স্পিকারের দায়িত্ব পালন করছেন ব্যারিস্টার কায়সার কামাল। ফলে নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়ানোর জন্য তাঁকেই যথাযথ কর্তৃপক্ষ হিসেবে মত দিয়েছে আইন মন্ত্রণালয়।

আজ দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে। ভোট শেষে সেখানেই ব্যালট গণনা করা হবে এবং প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ফল ঘোষণা করবেন।

নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংসদে আসনসংখ্যার হিসাবে মির্জা ফখরুল এগিয়ে থাকায় তাঁর জয় প্রায় নিশ্চিত বলে মনে করা হচ্ছে।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামীকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি, সংসদ সদস্য, বিচারপতি, সামরিক-বেসামরিক কর্মকর্তা, কূটনীতিক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন।

১৯৯১ সালের পর বাংলাদেশে আর প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচন হয়নি। এবার দুই প্রার্থী থাকায় দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন।

কালের আলো/এএইচ/এমএসআইপি

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন