সালমান শাহ হত্যা: ডিপজল, ডলি জহুর ও শিবা শানুকে জিজ্ঞাসাবাদের দাবি নীলা চৌধুরীর

বিনোদন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ । ১:২৯ অপরাহ্ণ

সালমান শাহ হত্যা মামলার তদন্তে চলচ্চিত্রের আরও কয়েকজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে মনে করেন তাঁর মা নীলা চৌধুরী। খল অভিনেতা ডিপজল, অভিনেত্রী ডলি জহুর ও চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সভাপতি শিবা শানুর বিষয়ে তদন্তকারীদের নজর দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

গত ১০ আগস্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ওরফে ডনকে আটক করা হয়। নীলা চৌধুরীর দাবি, ডনকে আটকের ঘটনায় ডিপজলের ভূমিকা থাকায় মামলায় তাঁকে সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

ডিপজলকে ধন্যবাদ জানিয়ে নীলা চৌধুরী বলেন, চলচ্চিত্র অঙ্গনে দীর্ঘদিন কাজ করার কারণে সালমান শাহ হত্যার সময়কার বিভিন্ন ঘটনা সম্পর্কে ডিপজল কিছু জানতেন কি না, তা তদন্তের মাধ্যমে বের করা দরকার।

তিনি বলেন, ডিপজল যদি এ বিষয়ে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে সাক্ষী হিসেবে তাঁর বক্তব্য মামলার তদন্তে সহায়ক হতে পারে।

সালমান শাহর মৃত্যুর দিনের ঘটনাপ্রবাহ সম্পর্কে ডলি জহুর বিভিন্ন সময়ে গণমাধ্যমে কথা বলেছেন উল্লেখ করে তাঁকেও জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন নীলা চৌধুরী।

তাঁর দাবি, সালমান শাহর মৃত্যুর দিন কী ঘটেছিল এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কার কী ধরনের যোগাযোগ ছিল, তা তদন্ত করে দেখা প্রয়োজন। প্রয়োজনে মামলার তদন্তে যাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যাবে, তাঁদের আসামি করার কথাও বলেন তিনি।

সালমান শাহ হত্যা মামলার আসামি ডন সম্প্রতি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দেওয়ার ঘটনায়ও ক্ষোভ প্রকাশ করেন নীলা চৌধুরী।

তাঁর অভিযোগ, ডনকে চলচ্চিত্র অঙ্গনের কিছু মানুষ প্রশ্রয় দিয়েছেন। এ ঘটনায় শিবা শানুসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখার দাবি জানান তিনি।

তবে এসব বিষয়ে যাঁদের নাম এসেছে, তাঁদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা তদন্ত ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে।

ডনকে আটকের পর সালমান শাহর মামা কুমকুম এবং সালমানের ভক্তদের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন নীলা চৌধুরী। তাঁর দাবি, এসব হুমকির কিছু স্ক্রিনশট তাঁর কাছে রয়েছে।

তিনি বলেন, হুমকি দিয়ে সালমান শাহ হত্যার বিচারপ্রক্রিয়া থামানো যাবে না। মামলার অন্য আসামিদের গ্রেপ্তার করে দ্রুত বিচার শেষ করার দাবি জানান তিনি।

সালমান শাহ হত্যার বিচার দাবিতে সম্প্রতি রাজধানীতে মানববন্ধন করেছেন তাঁর ভক্তরা। ‘সালমান শাহ ভক্ত ঐক্যজোট’-এর উদ্যোগে আয়োজিত ওই কর্মসূচিতে দেশের ৬৪ জেলার ভক্তরা অংশ নেন বলে আয়োজকদের দাবি।

আয়োজকদের পক্ষ থেকে ডনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের পাশাপাশি মামলার অন্য আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।

সালমান শাহর মৃত্যুর প্রায় ২৯ বছর পর গত বছর আদালতে হত্যা মামলা করা হয়। মামলায় তাঁর সাবেক স্ত্রী সামিরা হক, আশরাফুল হক ওরফে ডনসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন সামিরার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ওরফে ফরহাদ।

সালমান শাহ হত্যা মামলার তদন্ত ও বিচারপ্রক্রিয়া নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। নীলা চৌধুরীর সাম্প্রতিক বক্তব্যের পর চলচ্চিত্র অঙ্গনের আরও কয়েকজনের ভূমিকা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।

কালের আলো/এসএ

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন