নায়করাজ রাজ্জাকের নবম মৃত্যুবার্ষিকী আজ

বিনোদন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ । ২:১৭ অপরাহ্ণ

ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে আব্দুর রাজ্জাক এক অনন্য নাম। অভিনয়, ব্যক্তিত্ব ও দীর্ঘ ক্যারিয়ারের মাধ্যমে তিনি পেয়েছিলেন দর্শকের ভালোবাসায় দেওয়া বিশেষ উপাধি—‘নায়করাজ’।

আজ ২১ আগস্ট কিংবদন্তি এই অভিনেতার নবম মৃত্যুবার্ষিকী। ২০১৭ সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন রাজ্জাক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

নয় বছর পেরিয়ে গেলেও বাংলা চলচ্চিত্রে তাঁর অবদান ও অভিনয়ের স্মৃতি এখনো দর্শকের কাছে উজ্জ্বল।

১৯৪২ সালের ২৩ জানুয়ারি ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন আব্দুর রাজ্জাক। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল তাঁর। কলকাতার থিয়েটারে অভিনয়ের মাধ্যমে শুরু হয় তাঁর পথচলা।

চলচ্চিত্রে কাজের স্বপ্ন নিয়ে মুম্বাইয়ে গিয়ে চলচ্চিত্র বিষয়ে পড়াশোনা ও ডিপ্লোমা করেন তিনি। পরে কলকাতায় ফিরে কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন।

১৯৬৪ সালে সাম্প্রদায়িক দাঙ্গার পর পরিবার নিয়ে ঢাকায় চলে আসেন রাজ্জাক। এরপর শুরু হয় নতুন করে পথচলা।

ঢাকায় এসে চলচ্চিত্রে ছোট চরিত্রে অভিনয়ের মাধ্যমে যাত্রা শুরু করেন রাজ্জাক। ১৯৬৬ সালে ‘১৩ নম্বর ফেকু ওস্তাগার লেন’ ছবিতে অভিনয় করেন তিনি। এরপর ‘কার বউ’ ও ‘ডাক বাবু’সহ কয়েকটি চলচ্চিত্রে কাজ করেন।

তবে জহির রায়হান পরিচালিত ‘বেহুলা’ তাঁর ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। সুচন্দার বিপরীতে লখিন্দরের চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কাড়েন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

স্বাধীনতার পর রাজ্জাক অভিনীত ‘মানুষের মন’ ব্যবসাসফল হয়। এরপর একের পর এক জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করে তিনি হয়ে ওঠেন ঢাকাই চলচ্চিত্রের অন্যতম প্রধান তারকা।

ষাটের দশকের শেষভাগ থেকে সত্তর ও আশির দশক পর্যন্ত ছিল তাঁর জনপ্রিয়তার শীর্ষ সময়। অভিনয় করেছেন তিন শতাধিক চলচ্চিত্রে। পাশাপাশি ১৬টি চলচ্চিত্র পরিচালনাও করেছেন তিনি।

‘জীবন থেকে নেয়া’, ‘ওরা ১১ জন’, ‘অবুঝ মন’, ‘রংবাজ’, ‘আলোর মিছিল’, ‘অশিক্ষিত’, ‘অনন্ত প্রেম’, ‘বাঁদী থেকে বেগম’, ‘দুই পয়সার আলতা’ ও ‘বাবা কেন চাকর’সহ অসংখ্য চলচ্চিত্রে তাঁর অভিনয় আজও দর্শকের মনে জায়গা করে আছে।

কালের আলো/এসএ

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন