বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিত রাখার মার্কিন প্রশাসনের নীতি বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। আদালত এই নীতিকে বেআইনি ঘোষণা করে বলেছে, এ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তার আইনগত ক্ষমতার সীমা অতিক্রম করেছেন।
ম্যানহাটনের ডিস্ট্রিক্ট জজ জ্যানেট ভার্গাস শুক্রবার দেওয়া রায়ে বলেন, চলতি বছরের জানুয়ারিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ঘোষিত ভিসা স্থগিতের নীতি ‘স্পষ্টতই বেআইনি’ এবং এটি কেন্দ্রীয় অভিবাসন আইনের সঙ্গে সাংঘর্ষিক।
আদালতের রায়ে বলা হয়, শুধু আবেদনকারীর জাতীয়তার ভিত্তিতে নির্দিষ্ট শ্রেণির অভিবাসী ভিসা পুরোপুরি বন্ধ করে দেওয়া আইন নির্ধারিত কাঠামোর লঙ্ঘন। এর ফলে বাংলাদেশ ও পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ, লাতিন আমেরিকা, বলকান, আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ক্যারিবীয় অঞ্চলের বহু দেশের নাগরিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন।
এর আগে ট্রাম্প প্রশাসন দাবি করেছিল, এসব দেশের অভিবাসনপ্রত্যাশীদের যুক্তরাষ্ট্রের সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি। তবে অভিবাসী অধিকার সংগঠনগুলো এই নীতির বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হয়।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় আদালতের রায়ের বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। মামলাটি দায়ের করেছিল অভিবাসী অধিকার রক্ষায় কাজ করা কয়েকটি সংগঠন এবং সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিক ও তাদের স্বজনদের জন্য ভিসার আবেদনকারী মার্কিন নাগরিকরা।
ট্রাম্প প্রশাসন শুরু থেকেই অভিবাসন বিষয়ে কঠোর অবস্থান নিয়ে আসছে। তবে আদালতের সর্বশেষ রায়ে বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিত রাখার নীতিতে বড় ধরনের আইনি বাধা তৈরি হলো।
কালের আলো/এমএসআইপি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২২ আগস্ট, ২০২৬ । ৪:৪১ অপরাহ্ণ