চূড়ান্ত পরীক্ষায় রূপপুর, শিগগিরই গ্রিডে ১২০০ মেগাওয়াট

পাবনা (ঈশ্বরদী) প্রতিবেদক
প্রকাশের সময়: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ । ২:৪৫ পূর্বাহ্ণ

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে আগামী ৮ থেকে ১০ সপ্তাহের মধ্যে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে। এ লক্ষ্যে কেন্দ্রটিতে শেষ পর্যায়ের পরীক্ষা-নিরীক্ষা চলছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, সব পরীক্ষা সফলভাবে সম্পন্ন হলে ধাপে ধাপে গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হবে। আগামী বছরের শুরুতে প্রথম ইউনিট বাণিজ্যিক উৎপাদনে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

পরমাণু শক্তি কমিশনের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাছান জানান, রূপপুরের ১২০০ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট বাণিজ্যিকভাবে চালু হলে জীবাশ্ম জ্বালানি আমদানির ওপর দেশের নির্ভরতা কমবে। এতে জ্বালানি আমদানি ব্যয়ও উল্লেখযোগ্যভাবে কমতে পারে।

জ্বালানি বিশেষজ্ঞদের হিসাবে, একটি ইউনিট চালু হলে প্রতি মাসে প্রায় ১ হাজার কোটি টাকা এবং বছরে প্রায় ১০০ কোটি মার্কিন ডলার পর্যন্ত জ্বালানি আমদানি ব্যয় সাশ্রয় হতে পারে। তবে প্রকৃত সাশ্রয়ের পরিমাণ নির্ভর করবে বিকল্প হিসেবে কোন ধরনের জ্বালানি আমদানি করা হচ্ছে তার ওপর।

রূপপুরের প্রথম ইউনিটের চুল্লিতে ইউরেনিয়াম জ্বালানি লোডিং ইতোমধ্যে শেষ হয়েছে। দুই ধাপে শতাধিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। বর্তমানে শেষ পর্যায়ের জটিল ও সংবেদনশীল পরীক্ষাগুলো চলছে। নিরাপত্তা ও কারিগরি যাচাই শেষে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুমোদন অনুযায়ী পরবর্তী ধাপ এগিয়ে নেওয়া হচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রিড সিনক্রোনাইজেশনের কাজ আগামী ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যে শুরু করার পরিকল্পনা রয়েছে। তবে সব পরীক্ষা ও নিরাপত্তা যাচাই শেষ না হওয়া পর্যন্ত নির্দিষ্ট সময়সীমা নিশ্চিত করা যাচ্ছে না।

নিউক্লিয়ার বিশেষজ্ঞদের মতে, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে নিরবচ্ছিন্ন বেইসলোড বিদ্যুৎ পাওয়া সম্ভব। ফলে তেল, গ্যাস ও কয়লার আমদানি কমানোর পাশাপাশি আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য ও সরবরাহের অনিশ্চয়তার প্রভাবও কমানো সম্ভব হবেএদিকে রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করতে বাঘাবাড়ী ২৩০ কেভি, বগুড়া ৪০০ কেভি ও গোপালগঞ্জ ৪০০ কেভি সঞ্চালন কাঠামোর কমিশনিংয়ের কাজও প্রায় শেষ পর্যায়ে।

তবে দুটি ইউনিটের পূর্ণ সক্ষমতার বিদ্যুৎ গ্রিডে সরবরাহ নিশ্চিত করতে সঞ্চালনব্যবস্থার আরও প্রস্তুতি প্রয়োজন।

কালের আলো/এমএসআইপি

 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন