খালেদা জিয়ার সাজে চমক, সামাজিক মাধ্যমে প্রশংসার ঝড়

বিনোদন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ । ৭:১৬ অপরাহ্ণ

চোখে সানগ্লাস, হালকা রঙের শাড়ি আর গলায় মুক্তোর মালা—প্রথম দেখায় যে কারও চোখে ধাঁধা লাগতে পারে। পর্দায় যেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। তবে একটু ভালো করে দেখলেই বোঝা যায়, তিনি অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।

খালেদা জিয়ার পরিচিত সাজ ও অবয়ব ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। নিজের ভ্লগ সিরিজ ‘ডিসকভারিং বাংলাদেশ উইথ চমক’-এর নতুন পর্বে খালেদা জিয়ার রাজনৈতিক জীবন নিয়ে কথা বলার সময় তার পরিচিত লুকেই ক্যামেরার সামনে হাজির হন চমক।

শনিবার (২২ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভ্লগ সিরিজটির দ্বিতীয় সিজনের ১৯তম পর্ব প্রকাশ করেন তিনি। ‘বেগম খালেদা জিয়া’ শিরোনামের এই পর্বে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও কর্মজীবন নিয়ে আলোচনা করা হয়। ঢাকার জিয়া উদ্যানসহ কয়েকটি স্টুডিও লোকেশনে পর্বটির দৃশ্য ধারণ করা হয়েছে।

ভিডিওতে চমকের পরনে ছিল হালকা রঙের প্রিন্টের শাড়ি। গলায় মুক্তোর মালা ও চোখে সানগ্লাস। খালেদা জিয়ার পরিচিত উপস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখেই সাজানো হয়েছিল তার পুরো লুক।

ভিডিওটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা আলোচনা। চমকের সাজ, অভিব্যক্তি ও উপস্থাপনার প্রশংসা করেছেন অনেক নেটিজেন। কেউ কেউ মন্তব্য করেছেন, তাকে দেখতে অনেকটাই খালেদা জিয়ার মতো লাগছে। আবার অনেকে বলেছেন, এভাবে খালেদা জিয়াকে আগে কখনো উপস্থাপন করা হয়নি।

একজন দর্শক মন্তব্য করেন, ভিডিওটির কিছু মুহূর্তে সত্যিই মনে হয়েছে পর্দায় খালেদা জিয়াই উপস্থিত। আরেকজন লিখেছেন, “হৃদয় ছুঁয়ে গেল ভিডিওটা। অসাধারণ উপস্থাপনা। এক মুহূর্তের জন্য মনোযোগ সরানো যায়নি।”

চমকের এই আয়োজন অবশ্য শুধু অভিনয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়। চলতি বছর কুষ্টিয়ার একটি আসন থেকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার জন্য বিএনপির মনোনয়ন ফরম কিনেও আলোচনায় এসেছিলেন তিনি। সে সময় আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেওয়ার কথাও জানিয়েছিলেন এই অভিনেত্রী।

২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় রানারআপ হওয়ার মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন রুকাইয়া জাহান চমক। তিন বছরের বিরতির পর ২০২০ সালে ছোট পর্দায় অভিনয়ে আসেন তিনি। এরপর ‘হায়দার’, ‘হাউস নম্বর-৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’ ও ‘ভাইরাল হ্যাজব্যান্ড’-এর মতো নাটক ও ওয়েব সিরিজে অভিনয় করে দর্শকের পরিচিত মুখ হয়ে ওঠেন।

অভিনয়ের পাশাপাশি বর্তমানে ভ্লগিংয়েও সক্রিয় চমক। আর খালেদা জিয়ার সাজে তার সাম্প্রতিক উপস্থিতি ‘ডিসকভারিং বাংলাদেশ উইথ চমক’ সিরিজে যোগ করেছে নতুন মাত্রা। ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার লুক ও উপস্থাপনা নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।

কালের আলো/এসএ

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন