১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে দিয়েগো ম্যারাডোনার বিখ্যাত ‘হ্যান্ড অব গড’ গোলের বল নিলামে বিক্রি হয়েছে ২৫ লাখ পাউন্ডে, যা ৩৩ লাখ ডলারেরও বেশি। যুক্তরাষ্ট্রের হেরিটেজ অকশনসে শনিবার বলটি বিক্রি হয়।
১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে ২–১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। ম্যাচের প্রথম গোলটি করেছিলেন ম্যারাডোনা—গোলরক্ষক পিটার শিলটনের মাথার ওপর দিয়ে হাত দিয়ে বল জালে পাঠান তিনি। তিউনিসিয়ার রেফারি আলী বিন নাসের গোলটি বৈধ ঘোষণা করেন।
ম্যাচের পর গোলটি নিয়ে ম্যারাডোনা বলেছিলেন, সেটি হয়েছিল ‘কিছুটা ম্যারাডোনার মাথা দিয়ে এবং কিছুটা ঈশ্বরের হাত দিয়ে’। এরপর থেকেই গোলটি ফুটবল ইতিহাসে ‘হ্যান্ড অব গড’ নামে পরিচিত হয়ে ওঠে।
একই ম্যাচে ম্যারাডোনা আরও একটি অবিশ্বাস্য গোল করেন। ইংল্যান্ডের পাঁচজন আউটফিল্ড খেলোয়াড়কে ড্রিবল করে পরাস্ত করে গোলটি করেন তিনি। পরে সেটি ‘গোল অব দ্য সেঞ্চুরি’ হিসেবে পরিচিতি পায়।
নিলামের আগে ধারণা করা হয়েছিল, ঐতিহাসিক অ্যাডিডাস আজটেকা বলটির দাম প্রায় ৭৩ লাখ পাউন্ড বা এক কোটি ডলার পর্যন্ত উঠতে পারে। তবে শেষ পর্যন্ত এটি বিক্রি হয়েছে ২৫ লাখ পাউন্ডে।
নিলামের আগে হেরিটেজ অকশনসের বিশেষজ্ঞ মাইক প্রোভেনজালে বলটিকে ফুটবল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ স্মারক হিসেবে উল্লেখ করেন।
ম্যাচের পর বলটি নিজের কাছে রেখে দিয়েছিলেন রেফারি আলী বিন নাসের। তিন দশকেরও বেশি সময় তিনি এটি সংরক্ষণ করেন। ২০২৩ সালে স্বাক্ষর করা এক চিঠিতে বিন নাসের নিশ্চিত করেন, পুরো ম্যাচে এই একটি বলই ব্যবহার করা হয়েছিল। পরে স্বাধীন যাচাইয়েও এর সত্যতা নিশ্চিত হয়।
এর আগে ২০২২ সালে বলটি ২৩ লাখ ৭০ হাজার ডলারে বিক্রি হয়েছিল। পরে ২০২৩ সালে নতুন মালিক আবার সেটি নিলামে তুললেও নির্ধারিত সর্বনিম্ন দাম না ওঠায় বিক্রি হয়নি।
এদিকে ওই ম্যাচে ম্যারাডোনার পরা জার্সিও ২০২২ সালে নিলামে ৭১ লাখ পাউন্ডে বিক্রি হয়েছিল
কালের আলো/এসএ

স্পোর্টস ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ । ১:৩৩ অপরাহ্ণ