ইসলামিক নিরাপত্তা জোট হলে বাংলাদেশ অংশ নেবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ । ৬:২৭ অপরাহ্ণ

মক্কা ডিফেন্স প্যাক্টে বাংলাদেশ আগ্রহী বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সোমবার (২৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

মক্কা ডিফেন্স প্যাক্ট নিয়ে কোনো অগ্রগতি হয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ এ চুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করছে। মধ্যপ্রাচ্য ও মুসলিম বিশ্বের বিভিন্ন অংশীজনের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ ও অংশগ্রহণের সুযোগ তৈরি হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে বিভিন্ন জায়গায় আমন্ত্রণ জানানো হচ্ছে এবং বাংলাদেশ এসব উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছে।

তিনি আরও বলেন, মক্কার সঙ্গে বাংলাদেশের মানুষের আবেগ ও সম্পর্কের একটি বিশেষ জায়গা রয়েছে। ইসলামিক দেশগুলোর মধ্যে কোনো ধরনের নিরাপত্তা চুক্তি গড়ে উঠলে সেখানে বাংলাদেশের অংশগ্রহণ অস্বাভাবিক হবে না।

মক্কা ডিফেন্স প্যাক্ট সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত একটি ত্রিদেশীয় প্রতিরক্ষা চুক্তি। গত ৭ আগস্ট মক্কায় চুক্তিটি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন