সরকার গণমাধ্যম নিয়ন্ত্রণ করতে চায় না: আন্দালিভ রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ । ৩:৪৭ অপরাহ্ণ

গণমাধ্যমের স্বাধীনতায় সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেছেন, গণতন্ত্র শুধু একটি ব্যবস্থার বিষয় নয়, এটি একটি মানসিকতারও বিষয়। নিজের বিরুদ্ধে সংবাদ প্রকাশ ও সমালোচনা গ্রহণ করার মানসিকতা গণতন্ত্রে বিশ্বাসী সবার থাকা প্রয়োজন।

মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

আন্দালিভ রহমান বলেন, গত ১৭ বছরে সমালোচনা গ্রহণ করার সেই মানসিকতা দেখা যায়নি। তবে বর্তমান সরকার গণমাধ্যম নিয়ন্ত্রণ করতে চায় না। গত ছয় মাসে সরকার বা প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে গণমাধ্যমকে নির্দিষ্ট কোনো ধরনের সংবাদ প্রকাশের নির্দেশনা দেওয়া হয়নি বলেও জানান তিনি।

তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও বিষয়টি স্পষ্ট করে দেওয়া হয়েছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, কাউকে নিয়ন্ত্রণ করা হবে না এবং কারও মুখ বন্ধ করে দেওয়া হবে না।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, গণমাধ্যম গণতন্ত্রের অন্যতম স্তম্ভ। সরকার ও গণমাধ্যম পরস্পরের প্রতিপক্ষ নয়। দেশকে এগিয়ে নিতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, সরকারের সমালোচনা অবশ্যই করা হবে এবং এটি গণতান্ত্রিক ব্যবস্থার স্বাভাবিক অংশ। তবে দেশের বর্তমান বাস্তবতা বিবেচনায় নিয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর গুরুত্ব দিতে হবে।

সংবাদ সম্মেলনে গণমাধ্যমের স্বাধীনতা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, সরকারি টেলিভিশনে বিরোধী দলের খবর প্রচার এবং দেশের বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

কালের আলো/এএইচ/এমএসআইপি

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন