পুলিশ বাহিনীতে রাতারাতি পরিবর্তন আনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দীর্ঘদিনের কাঠামোগত সংকট কাটিয়ে পুলিশকে আরও জনবান্ধব বাহিনীতে পরিণত করতে সময় প্রয়োজন। এ ক্ষেত্রে দেশের সব নাগরিকের আন্তরিক সহযোগিতাও প্রয়োজন।
বুধবার (২৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ বাহিনীকে ধীরে ধীরে আরও জনবান্ধব করা হচ্ছে। পুলিশের সদস্যরা জনগণের সেবায় কাজ করছেন। তবে দীর্ঘদিনের কাঠামোগত সংকট কাটিয়ে কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে কিছুটা সময় দিতে হবে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দেশবাসীকে আশ্বস্ত করে তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এমন কোনো ঘটনা ঘটেনি, যার বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়নি।
সাম্প্রতিক রংপুরের একটি ঘটনার প্রসঙ্গ টেনে সালাহউদ্দিন আহমদ বলেন, ঘটনাটির খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রশাসনের পক্ষ থেকে কঠোর ও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের বর্তমান ভূমিকা ও সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনা করেন তিনি। মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপির শীর্ষ নেতাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কালের আলো/ডিএইচ/এমএসআইপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ । ১২:২৬ অপরাহ্ণ