‘ভুল থেকে শিখব, নেতিবাচকতা পেছনে ফেলব’-অস্ট্রেলিয়া সফর শেষে নাফিস ইকবাল

স্পোর্টস ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬ । ১:৩৫ অপরাহ্ণ

অস্ট্রেলিয়া সফর শেষ করে দেশে ফেরার আগে আবেগঘন বার্তা দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টিম ম্যানেজার ও সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল খান। পুরো সিরিজের অভিজ্ঞতা, দলের পারফরম্যান্স এবং প্রবাসী বাংলাদেশি সমর্থকদের ভালোবাসার কথা তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন তিনি।

দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথম ম্যাচে দারুণ জয় পেলেও দ্বিতীয় টেস্টে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেনি বাংলাদেশ। সিরিজ শেষের সেই আক্ষেপের কথাও নিজের পোস্টে তুলে ধরেছেন নাফিস।

নাফিস ইকবাল লিখেছেন, সিরিজটি আরও ভালোভাবে শেষ করতে পারলে ভালো লাগত। অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে যেভাবে বাংলাদেশ প্রথম টেস্ট শুরু করেছিল, সেই তুলনায় দ্বিতীয় ম্যাচে আরও ভালো করার সুযোগ ছিল বলে মনে করেন তিনি।

তবে প্রথম টেস্টে দলের অসাধারণ পারফরম্যান্সের কৃতিত্বও স্মরণ করেছেন নাফিস। বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে সেই জয়কে তিনি দলের জন্য বিশেষ অর্জন হিসেবে উল্লেখ করেছেন।

সফরের ফলাফল থেকে ইতিবাচক শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে চান নাফিস। তাঁর মতে, অস্ট্রেলিয়ার বিপক্ষে পাওয়া সাফল্য বাংলাদেশ দলকে বড় মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করার আত্মবিশ্বাস দিয়েছে।

তিনি বলেন, এই সফর থেকে দল ইতিবাচক বিষয়গুলোই নিতে চায়। নিজেদের ভুল থেকে শিক্ষা নিয়ে নেতিবাচক বিষয়গুলো পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেছেন তিনি।

নাফিসের ভাষায়, ‘আমরা নিজেদের ভুল থেকে শিখব, নেতিবাচক বিষয়গুলো পেছনে ফেলে কেবল ইতিবাচকতা নিয়েই সামনের পথচলা বজায় রাখব।’

অস্ট্রেলিয়া সফরে ডারউইন ও ম্যাকাইয়ে মাঠে এসে বাংলাদেশ দলকে সমর্থন করা প্রবাসী বাংলাদেশিদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন নাফিস।

তিনি জানান, বিদেশের মাটিতে সমর্থকদের উপস্থিতি ও উৎসাহ দলের জন্য ছিল বিশেষ অনুপ্রেরণার। সমর্থকদের সঙ্গে কাটানো মুহূর্তগুলোও দল উপভোগ করেছে বলে উল্লেখ করেন তিনি।

অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজের শুরুতে পাওয়া বড় জয় যেমন আত্মবিশ্বাস বাড়িয়েছে, তেমনি শেষ ম্যাচের ভুলগুলো থেকেও শিক্ষা নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। এখন সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরবর্তী সিরিজগুলোতে আরও শক্তিশালীভাবে ফেরার প্রত্যাশাই বাংলাদেশ দলের।

কালের আলো/এসএ

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন