সচিবালয়ের ১৯ তলায় সাপ এল কোথা থেকে?

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬ । ৩:৩৮ অপরাহ্ণ

রাজধানীর বাংলাদেশ সচিবালয়ের ৬ নম্বর ভবনের ১৯ তলায় শিক্ষা মন্ত্রণালয়ের করিডরে তিনটি সাপের দেখা মিলেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে এ ঘটনায় মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে অফিসে প্রবেশের পর করিডরে প্রথমে একসঙ্গে দুটি সাপ দেখা যায়। কিছুক্ষণ পর আরও একটি সাপ চোখে পড়ে। বিষয়টি জানাজানি হলে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়।

পরে কর্মচারীরা সাপ তিনটি মেরে ফেলেন। সাপগুলো কালো রঙের এবং আনুমানিক দেড় ফুট লম্বা ছিল। তবে এগুলো কোন প্রজাতির, তা নিশ্চিত হওয়া যায়নি।

সচিবালয়ের মতো বহুতল ভবনের ১৯ তলায় সাপগুলো কীভাবে উঠল, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। কেউ কেউ ধারণা করছেন, ভবনের কোনো স্টোররুম বা নির্জন স্থানে সাপের আশ্রয়স্থল তৈরি হয়ে থাকতে পারে। এমনকি সেখানে সাপ ডিম পেড়েছিল কি না, তা নিয়েও আলোচনা চলছে।

উল্লেখ্য, ১৯ তলাতেই শিক্ষামন্ত্রী ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের অফিস কক্ষ রয়েছে। এ ঘটনায় মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বেশ কিছু সময় আতঙ্ক বিরাজ করে।

কালের আলো/এএইচ/এমএসআইপি

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন