নেপালে বন্যা-ভূমিকম্পের ভয়াবহতা, শুটিং শেষ করে দেশে ফিরলেন অপু বিশ্বাস

বিনোদন প্রতিবেদক
প্রকাশের সময়: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬ । ১০:৩৫ পূর্বাহ্ণ

নেপালে আকস্মিক বন্যা, অতিবৃষ্টি, ভূমিধস ও ভূমিকম্পের কারণে দুর্যোগময় পরিস্থিতির মুখে পড়েছিল ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ও তার নতুন সিনেমা ‘শিকার’-এর পুরো শুটিং টিম। নানা প্রতিকূলতার মধ্যেও শেষ পর্যন্ত শুটিং শেষ করে নিরাপদে বাংলাদেশে ফিরেছেন অভিনেত্রী।

কামরুজ্জামান রোমানের পরিচালনায় নির্মিত ‘শিকার’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে বাংলাদেশ ও কলকাতার একাধিক শিল্পীর সঙ্গে নেপালে গিয়েছিলেন অপু বিশ্বাস। পাহাড়ঘেরা মনোরম পরিবেশে সিনেমাটির কাজ চলছিল। এর মধ্যেই হঠাৎ বৈরী আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতিকে কঠিন করে তোলে।

নেপালের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিতে আকস্মিক বন্যা দেখা দেয়। কোথাও সড়ক পানিতে তলিয়ে যায়, আবার কোথাও ভূমিধসের কারণে বন্ধ হয়ে যায় যোগাযোগ ব্যবস্থা। এর মধ্যে ভূমিকম্পের ঘটনাও পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তোলে।

দুর্যোগ পরিস্থিতির অবনতি হওয়ায় দ্রুত শুটিং শেষ করে দেশে ফেরার সিদ্ধান্ত নেয় সিনেমাটির টিম। সব বাধা পেরিয়ে শুক্রবার (২৮ আগস্ট) রাতে বাংলাদেশে পৌঁছান অপু বিশ্বাসসহ দলের সদস্যরা।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে অপু বিশ্বাস জানান, নেপালে থাকা অবস্থায় তারা বড় ধরনের কোনো সমস্যায় পড়েননি। তবে পুরো টিমকে একসঙ্গে দেশে ফিরিয়ে আনা কিছুটা চ্যালেঞ্জিং ছিল।

অপু বিশ্বাস বলেন, “নেপালে থাকা অবস্থায় আমরা বড় ধরনের কোনো সমস্যায় পড়িনি। শেষ পর্যন্ত নিরাপদে দেশে ফিরতে পারায় শান্তি লাগছে।”

তবে নেপালের ভয়াবহ দুর্যোগ ও হতাহত মানুষের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এই অভিনেত্রী।

তিনি বলেন, “এ দুর্যোগটা আসলে খুবই দুঃখের এবং খুবই কষ্টের, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। কারণ হতাহতরা হয়তোবা আমার আপনজন নয়, কিন্তু তারা আমার আপন এবং আপনাদেরও আপন।”

নেপালে অবস্থানকালে স্থানীয় মানুষের কষ্ট কাছ থেকে দেখেছেন বলেও জানান অপু। তার ভাষায়, যারা এই দুর্যোগে সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়েছেন, তারাই সেই কষ্টের গভীরতা সবচেয়ে ভালো বলতে পারবেন।

অপু বলেন, “যাদের খুব বড় ক্ষতি হয়েছে, এটা তারাই বলতে পারে। যেহেতু আমরা স্বচক্ষে নেপালিদের কথা শুনেছি, আজাহারি দেখেছি, এটা ভাষায় কীভাবে বলব, এটা আমার জানা নেই।”

প্রতিকূল আবহাওয়া ও দুর্যোগের কারণে শুটিংয়ে নানা ধরনের চ্যালেঞ্জ তৈরি হলেও শেষ পর্যন্ত সিনেমাটির কাজ শেষ করতে পেরেছে টিম। এখন দেশে ফিরে পরবর্তী কাজ নিয়ে এগিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন অপু বিশ্বাস ও ‘শিকার’ সিনেমার সংশ্লিষ্টরা।

কালের আলো/এসএ

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন