পোকেমনপ্রেমীদের জন্য সুখবর। ২০২৭ সালে ডিজনি প্লাসে একগুচ্ছ নতুন কনটেন্ট আনতে একসঙ্গে কাজ শুরু করেছে ডিজনি ও দ্য পোকেমন কম্পানি। এই উদ্যোগের অংশ হিসেবে আসছে নতুন স্টপ-মোশন অ্যানিমেটেড অ্যাডভেঞ্চার সিরিজ ‘পোকেমন টেলস: দ্য মিসঅ্যাডভেঞ্চারস অব স্যারফেচ’ড অ্যান্ড পিচু’।
সিরিজটি ডিজনি এক্সডি-তে সম্প্রচারের পাশাপাশি ডিজনি প্লাসেও স্ট্রিম করা হবে। সম্প্রতি সান ফ্রান্সিসকোতে আয়োজিত ‘পোকেমন এক্সপি’ ইভেন্টে প্রকাশ করা হয়েছে সিরিজটির প্রথম ট্রেলার।
নতুন এই অ্যানিমেশন সিরিজটি নির্মাণ করছে অস্কারজয়ী আর্ডম্যান অ্যানিমেশনস। ‘চিকেন রান’ ও ‘শন দ্য শিপ’-এর মতো জনপ্রিয় অ্যানিমেশন নির্মাণের জন্য বিশ্বজুড়ে পরিচিত প্রতিষ্ঠানটি এবার পোকেমন ফ্র্যাঞ্চাইজিকে নিজেদের স্বতন্ত্র স্টপ-মোশন শৈলীতে উপস্থাপন করবে।
সিরিজের কেন্দ্রীয় চরিত্র স্যারফেচ’ড ও পিচু। ‘পোকেমন সোর্ড অ্যান্ড শিল্ড’-এর গ্যালার অঞ্চলে বিভিন্ন পোকেমনকে বিপদ থেকে রক্ষা করার অভিযানে নামবে তারা।
তবে তাদের এই যাত্রা মোটেও সহজ হবে না। অভিযানের পথে একের পর এক ভুল, বিপত্তি ও নানা ঝামেলার মুখোমুখি হতে হবে দুই চরিত্রকে। এসব ঘটনার মধ্য দিয়েই ধীরে ধীরে আরও দৃঢ় হবে তাদের বন্ধুত্ব।
ডিজনি ও দ্য পোকেমন কম্পানির নতুন এই অংশীদারত্ব শুধু নতুন সিরিজেই সীমাবদ্ধ থাকছে না। পোকেমনের পুরোনো অ্যানিমে ‘পোকেমন দ্য সিরিজ: দ্য বিগিনিং’-এর প্রথম সিজনও এখন ডিজনি প্লাসে দেখা যাচ্ছে।
ডিজনি কিডস অ্যান্ড ফ্যামিলির প্রেসিডেন্ট আয়ো ডেভিসের মতে, পোকেমনের মতো জনপ্রিয় ব্র্যান্ডের সঙ্গে আর্ডম্যানের স্বতন্ত্র অ্যানিমেশনশৈলীর সংযোগ দর্শকদের জন্য ভিন্ন ধরনের অভিজ্ঞতা তৈরি করবে।
২০২৭ সালে নতুন সিরিজটি মুক্তি পেলে পোকেমনভক্তদের সামনে পরিচিত চরিত্র ও জগতকে সম্পূর্ণ নতুন স্টপ-মোশন আঙ্গিকে দেখার সুযোগ তৈরি হবে।
কালের আলো/এসএ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬ । ১:২৮ অপরাহ্ণ