‘ইমরান দুর্নীতি করার মানুষ নন’, কাঁদতে কাঁদতে বললেন মিয়াঁদাদ

স্পোর্টস ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬ । ১:৩৭ অপরাহ্ণ

ক্রিকেটের মাঠে পাকিস্তানকে নেতৃত্ব দিয়ে বিশ্বকাপ জিতিয়েছেন। পরে রাজনীতিতে এসে দেশটির প্রধানমন্ত্রীও হয়েছেন। তবে গত কয়েক বছর ধরে কারাগারে রয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ১৯৯২ বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান।

দুর্নীতিসহ একাধিক মামলায় প্রায় তিন বছর ধরে বন্দী ইমরান। দীর্ঘদিন কারাবন্দী থাকায় তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। তার সুচিকিৎসা ও কারাগারে ন্যূনতম সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবিতে সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে চিঠি লিখেছেন বিভিন্ন দেশের ২১ জন সাবেক অধিনায়ক।

সাবেক ও বর্তমান ক্রিকেটারদের কাছ থেকে সমর্থন পাওয়ার মধ্যে এবার ইমরানের পাশে দাঁড়িয়েছেন পাকিস্তানের সাবেক ব্যাটার জাভেদ মিয়াঁদাদ। ইমরানের সঙ্গে দীর্ঘদিন একই দলের হয়ে খেলা এই কিংবদন্তি বলেছেন, ইমরান দুর্নীতি করার মতো মানুষ নন।

ইউটিউব চ্যানেল ‘ন্যারেটিভ’-কে দেওয়া সাক্ষাৎকারে আবেগাপ্লুত মিয়াঁদাদ বলেন, ‘তিনি একজন সৎ মানুষ। দুর্নীতি করার মতো মানুষ নন তিনি। নইলে আরও অনেক কিছুই করতে পারতেন।’

ইমরানকে দ্রুত মুক্তি দেওয়ার আহ্বান জানিয়ে মিয়াঁদাদ বলেন, ‘তাকে ছেড়ে দিলে কী এমন হবে? তিনি কি কাউকে খেয়ে ফেলবেন বা কারও ক্ষতি করবেন? তিনিও তো কারও সন্তান। আমি সারাক্ষণ ভাবি, তিনি এখন কী করছেন।’

ইমরানকে ‘জাতীয় বীর’ আখ্যা দিয়ে সাবেক এই ব্যাটার পাকিস্তান সরকারের প্রতি বিষয়টির দ্রুত ও ন্যায়সংগত সমাধানের আহ্বান জানান।

মিয়াঁদাদ আরও বলেন, ‘যা ভুল, তা ভুলই। তিনি অবশ্যই একজন জাতীয় বীর। আমি প্রার্থনা করি, এই সমস্যার সমাধান হোক। পাকিস্তান সরকারের কাছে আমার আবেদন—ন্যায়সংগত বিষয়টির জয় হোক। আমি যা বলছি, হৃদয় থেকেই বলছি।’

ইমরানের শারীরিক অবস্থার অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মিয়াঁদাদ বলেন, তার কিছু হয়ে গেলে পাকিস্তানের পরিস্থিতি ভয়াবহ হতে পারে।

তার ভাষায়, ‘সৃষ্টিকর্তা না করুন, ওনার কিছু হলে দেশে কী ঘটবে, তা কি কল্পনা করতে পারেন? পুরো পাকিস্তান কাঁদবে। পাকিস্তানকে নিজের সবটুকু দিয়েছেন তিনি। তিনি একজন কিংবদন্তি। বিষয়টির সমাধান করুন। আমিও মানুষ। তিনি আমার ভাইয়ের মতো।’

ইমরানের সুচিকিৎসা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবিতে শাহবাজ শরিফকে চিঠি দেওয়া সাবেক অধিনায়কদের মধ্যে রয়েছেন মাইকেল আথারটন, অ্যালান বোর্ডার, মাইক ব্রিয়ারলি, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, অ্যালিস্টার কুক, মাইক গ্যাটিং, সুনীল গাভাস্কার, অ্যাডাম গিলক্রিস্ট, ডেভিড গাওয়ার, নাসের হুসেইন, ক্লাইভ লয়েড, কপিল দেব, অর্জুনা রানাতুঙ্গা, অ্যান্ড্রু স্ট্রস, দিলীপ ভেংসরকার, স্টিভ ওয়াহ ও জন রাইট।

নারী ক্রিকেটের কিংবদন্তি বেলিন্ডা ক্লার্ক ও অ্যালেক্স ব্ল্যাকওয়েলও ওই চিঠিতে স্বাক্ষর করেছেন।

এদিকে ইমরানের দুই ছেলে সম্প্রতি স্কাই স্পোর্টসকে সাক্ষাৎকার দেওয়ার পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক প্যাট কামিন্সও ইমরানের চিকিৎসা ও মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

ক্রিকেটার থেকে প্রধানমন্ত্রী—দীর্ঘ ও বর্ণিল জীবনের পর ইমরান এখন কারাগারে। তার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে ক্রিকেট বিশ্বের সাবেক ও বর্তমান তারকাদের সোচ্চার হওয়ার মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে পাকিস্তানের সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়কের ভবিষ্যৎ।

কালের আলো/এসএ

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন