লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান আরও জোরদার করতে তথ্য প্রদানকারীদের জন্য বড় অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
একই সঙ্গে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নিয়ন্ত্রণে নির্ধারিত সময়ের মধ্যে কাঙ্ক্ষিত অগ্রগতি দেখাতে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
শনিবার (২৯ আগস্ট) রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ হেডকোয়ার্টার্স আয়োজিত ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সম্মেলনে (এপ্রিল-জুন ২০২৬, দ্বিতীয় কোয়ার্টার) প্রধান অতিথির বক্তব্য শেষে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে। অস্ত্রের অবস্থান বা অপরাধীদের বিষয়ে কার্যকর তথ্য দিয়ে যারা সহযোগিতা করবেন, তাদের উৎসাহিত করতে আর্থিক পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী একই সঙ্গে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে পুলিশের কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্ব দেন। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব পালনে ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।
অপরাধ নিয়ন্ত্রণে পুলিশকে আরও দায়িত্বশীল, সক্রিয় ও জবাবদিহিমূলক ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়েছে সম্মেলনে।
কালের আলো/এসকে/এমএসআইপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬ । ১:৫৫ অপরাহ্ণ