রাজশাহীতে জাগো ফাউন্ডেশন স্কুল পরিদর্শনে ভূমিমন্ত্রী

রাজশাহী প্রতিবেদক
প্রকাশের সময়: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬ । ৭:২৮ অপরাহ্ণ

রাজশাহী নগরের আসাম কলোনিতে জাগো ফাউন্ডেশন স্কুল পরিদর্শন করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি। শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে তিনি বিদ্যালয়টি পরিদর্শনে যান।

পরিদর্শনকালে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার ধারাবাহিকতা নিশ্চিত করতে জাগো ফাউন্ডেশন স্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও এতিমখানার জন্য সরকারি খাস জমি ও রেলওয়ের জমি বরাদ্দে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন ভূমিমন্ত্রী।

এ বিষয়ে সংশ্লিষ্ট আবেদন দ্রুত অনুমোদনের জন্য রেলমন্ত্রী ও রেল সচিবের কাছে সরাসরি সুপারিশ পাঠানোর প্রতিশ্রুতিও দেন তিনি।

ভূমিমন্ত্রী বলেন, সুবিধাবঞ্চিত এলাকার শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করার পাশাপাশি কর্মসংস্থানমুখী শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে স্থায়ী জায়গার ব্যবস্থা করা জরুরি। এ জন্য নতুন রাস্তার পাশে বা রেলওয়ের আশপাশে সুবিধাজনক সরকারি খাস জমি চিহ্নিত করে বরাদ্দের জন্য আবেদন করার পরামর্শ দেন তিনি।

তিনি জানান, ইউসেফ স্কুলের মাধ্যমে বর্তমানে প্রায় পাঁচ হাজার সুবিধাবঞ্চিত শিশু ১১টি স্কুলে পড়াশোনা করছে। এসব প্রতিষ্ঠানের অধিকাংশই সিটি করপোরেশনের জায়গায় পরিচালিত হচ্ছে। মেয়র থাকাকালে এসব স্কুলের জন্য তিনটি বহুতল ভবন নির্মাণসহ বিভিন্নভাবে সহযোগিতা করেছিলেন বলেও জানান তিনি।

তবে কয়েকটি জায়গার চুক্তির মেয়াদ শেষ হওয়ার পথে থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রম অব্যাহত রাখতে স্থায়ী জায়গার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এর মধ্যে টিকাপাড়া গোরস্থান সংলগ্ন জায়গাটিও রয়েছে।

পরিদর্শনকালে জাগো ফাউন্ডেশন স্কুলের সুন্দর ও মনোরম পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন ভূমিমন্ত্রী। পরে সুবিধাবঞ্চিত শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

স্কুল কর্তৃপক্ষ জানায়, রাজশাহী জাগো ফাউন্ডেশন স্কুলে বর্তমানে প্রায় ৭০০ সুবিধাবঞ্চিত শিক্ষার্থী প্লে থেকে দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করছে।

অনুষ্ঠানে জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভি রাখসান্দ, স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সন্ধানী বার্তা/এএইচ/এমএসআইপি

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন