মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মবার্ষিকী উপলক্ষে বিশ্বের মুসলিম দেশগুলোর নেতা ও জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান।
এ উপলক্ষে দেওয়া এক বার্তায় মহানবী (সা.)-কে মানবিক পূর্ণতার সর্বোচ্চ আদর্শ এবং সমগ্র মানবতার পথপ্রদর্শক হিসেবে উল্লেখ করেন তিনি।
পেজেশকিয়ান বলেন, মহানবী (সা.) সমগ্র মানবতার জন্য শান্তি ও নিরাপত্তার বার্তা নিয়ে এসেছিলেন। তার ধর্ম শান্তির ওপর প্রতিষ্ঠিত এবং তিনি সমগ্র বিশ্বের জন্য রহমত হিসেবে আবির্ভূত হয়েছেন।
ইরানের প্রেসিডেন্ট বলেন, মহানবী (সা.)-এর মহৎ চরিত্র নৈতিকতা ও সৎ গুণাবলির সর্বোত্তম প্রতিফলন। ক্রমেই জটিল হয়ে ওঠা বিশ্বের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় তার জীবন ও আদর্শ মানবতার জন্য পথনির্দেশনা দিতে পারে।
তিনি মুসলিমদের প্রতি মহানবী (সা.)-এর জীবন ও শিক্ষা থেকে অনুপ্রেরণা নিয়ে ইসলামী উম্মাহর মধ্যে ঐক্য ও সংহতি আরও জোরদার করার আহ্বান জানান।
একই সঙ্গে মহানবী (সা.)-এর প্রচারিত মূল্যবোধ অনুসরণ করে বিশ্বজুড়ে, বিশেষ করে মুসলিম দেশগুলোতে নিরাপত্তা, ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখার আহ্বান জানান পেজেশকিয়ান।
ইরানের প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন, বিশ্বের মুসলমানদের অভিন্ন বিশ্বাস, দৃঢ়তা ও সংকল্প মুসলিম উম্মাহর সদস্যদের মধ্যে আরও বেশি ঐক্য ও সংহতি গড়ে তুলবে। পাশাপাশি বিশ্বজুড়ে ইসলামের অগ্রগতি ও বিকাশেও তা ভূমিকা রাখবে বলে তিনি প্রত্যাশা করেন।
কালের আলো/এসএ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ । ১২:৫৯ অপরাহ্ণ