সুইজারল্যান্ডে রেভ পার্টিতে বন্দুক হামলা, নিহত ১, আহত অন্তত ৫

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ । ৪:২৪ অপরাহ্ণ

সুইজারল্যান্ডের উত্তরাঞ্চলের আরাউ শহরে একটি রেভ পার্টিতে বন্দুক হামলায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে স্থানীয় পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় সময় রোববার সকালে আরাউ শহরের একটি হিপোড্রোমে আয়োজিত রেভ পার্টিতে এ হামলার ঘটনা ঘটে। সুইস পুলিশের ওয়েবসাইটে প্রকাশিত একটি ভিডিওতে পরপর কয়েকটি গুলির শব্দ শোনা গেছে।

আরগাউ ক্যান্টন পুলিশ জানিয়েছে, হামলার পর সন্দেহভাজন হামলাকারীকে ধরতে অভিযান শুরু হয়েছে। একই সঙ্গে ঘটনার কোনো ছবি বা ভিডিও থাকলে তা পুলিশের সঙ্গে শেয়ার করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

ইউরোপের দেশগুলোর মধ্যে সুইজারল্যান্ডে ব্যক্তিগত পর্যায়ে অস্ত্রের মালিকানার হার তুলনামূলকভাবে বেশি। তবে দেশটিতে এ ধরনের সহিংস বন্দুক হামলার ঘটনা বেশ বিরল।

২০১৯ সালে সুইজারল্যান্ড আরও কঠোর অস্ত্র নিয়ন্ত্রণ আইন অনুমোদন করেছিল। সর্বশেষ হামলার ঘটনায় কী কারণে গুলির ঘটনা ঘটেছে এবং হামলাকারীর পরিচয় কী, তা খতিয়ে দেখছে পুলিশ।

কালের আলো/এসএ

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন