ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ৩ জনের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ । ৬:৩১ অপরাহ্ণ

মশাবাহিত ডেঙ্গু জ্বরে ভুগে গত ২৪ ঘণ্টায় দেশে তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে রোগটিতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৭ জন।

রোববার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে চলতি বছরে রোববার পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৩ জনে। একই সময়ে মোট আক্রান্তের সংখ্যা হয়ে গেল ৩৪ হাজার ৬৮৩ জন।

প্রতিবেদন বলছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে একজন ঢাকা বিভাগের, একজন চট্টগ্রামের এবং অন্যজন খুলনা বিভাগের।

প্রতিবেদন আরও বলছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০৯৭ জনের মধ্যে ঢাকা বিভাগের ৪৪৯ জন, ময়মনসিংহ বিভাগের ৮১ জন, চট্টগ্রাম বিভাগের ১১৬ জন, খুলনা বিভাগের ২৪৩ জন, রাজশাহী বিভাগের ৭৬ জন, রংপুর বিভাগের ৬ জন, বরিশাল বিভাগের ১২৩ জন এবং সিলেট বিভাগের ৩ জন রোগী রয়েছেন।

অন্যদিকে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৬৮৩ জন। এর মধ্যে ঢাকা বিভাগের ১৩ হাজার ৭২০ জন, ময়মনসিংহ বিভাগের ১ হাজার ৮২২ জন, চট্টগ্রাম বিভাগের ৫ হাজার ৩১৮ জন, খুলনা বিভাগের ৫ হাজার ২৮৭ জন, রাজশাহী বিভাগের ১ হাজার ৭৭৯ জন, রংপুর বিভাগের ৮৮৬ জন, বরিশাল বিভাগের ৫ হাজার ৭০৬ জন এবং সিলেট বিভাগের ১৬৫ জন রোগী রয়েছেন।

এছাড়া চলতি বছরে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে ডেঙ্গু থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ হাজার ১৮৯ জন। বর্তমানে ভর্তি রোগীর সংখ্যা ২ হাজার ৪০২ জন।

কালের আলো/আরডি/এমডিএইচ

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন