সংসদ উপনেতা হচ্ছেন সালাহউদ্দিন আহমদ?

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ । ১১:৫৮ অপরাহ্ণ

রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ সদস্য পদ ছাড়ার পর জাতীয় সংসদে তার আসনে বসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এরপর থেকেই তাকে সংসদের উপনেতা করা হতে পারে—এমন আলোচনা রাজনৈতিক অঙ্গনে জোরালো হয়েছে।

গত ২৭ আগস্ট ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনে নতুন আসনবিন্যাসে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের পাশের আসনটি পেয়েছেন সালাহউদ্দিন আহমদ। এর আগে ওই আসনে বসতেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সালাহউদ্দিন আহমদ বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনের পাশাপাশি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। দলের সম্ভাব্য মহাসচিব হিসেবেও তার নাম রাজনৈতিক মহলে আলোচিত হচ্ছে। ফলে সংসদে প্রধানমন্ত্রীর পাশের আসনে তার বসাকে অনেকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন।

তবে সালাহউদ্দিন আহমদকে সংসদের উপনেতা করার বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা ঘোষণা দেওয়া হয়নি। জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ পদগুলোর তালিকাতেও বর্তমানে উপনেতার নাম নেই।

দলীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, স্পিকার, ডেপুটি স্পিকার ও চিফ হুইপসহ সংসদের গুরুত্বপূর্ণ পদগুলো পূরণ হলেও উপনেতার পদটি এখনো খালি রয়েছে। এ পদে কাকে দায়িত্ব দেওয়া হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এদিকে বিএনপির স্থায়ী কমিটির আরেক সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকেও উপনেতার দায়িত্ব দেওয়া হতে পারে বলে দলের ভেতরে আলোচনা রয়েছে। ফলে সালাহউদ্দিন আহমদ নাকি খন্দকার মোশাররফ—কে সংসদ উপনেতার দায়িত্ব পাচ্ছেন, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এ বিষয়ে বলেন, তিনি কিছু জানেন না। বিষয়টি প্রধানমন্ত্রী ও সংসদ নেতার এখতিয়ার।

কালের আলো/এএইচ/এমএসআইপি

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন