প্রশাসনিক সংকটে বড় ধাক্কা, শ্রীলঙ্কা থেকে নারী চ্যাম্পিয়ন্স ট্রফি সরাল আইসিসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ । ৪:৫২ অপরাহ্ণ

নারীদের প্রথম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের সুযোগ হারাল শ্রীলঙ্কা। ২০২৭ সালের ফেব্রুয়ারিতে ছয় দলের অংশগ্রহণে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টটি শ্রীলঙ্কায় আয়োজনের কথা থাকলেও দেশটির প্রশাসনিক পরিস্থিতির কারণে আয়োজক হিসেবে তাদের নাম বাদ দিয়েছে আইসিসি।

আইসিসি ট্রান্সফরমেশন কমিটির সচিব প্রকাশ শাফতার শ্রীলঙ্কা থেকে টুর্নামেন্ট সরিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বিকল্প আয়োজক হিসেবে এখনো কোনো দেশের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

নতুন আয়োজক হওয়ার দৌড়ে ভারত সবচেয়ে এগিয়ে রয়েছে বলে জানিয়েছে ক্রিকইনফো। আইসিসি বোর্ড সদস্যদের পরবর্তী বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডে সরকারের হস্তক্ষেপের অভিযোগকে কেন্দ্র করেই আইসিসির সঙ্গে দেশটির সম্পর্কের অবনতি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর প্রভাব পড়েছে আইসিসির বৈঠকে শ্রীলঙ্কার প্রতিনিধিদের অংশগ্রহণেও।

এদিকে আয়োজক স্বত্ব হারানোর পর টুর্নামেন্টে শ্রীলঙ্কার অংশগ্রহণ নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। যদিও এ বিষয়ে আইসিসি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। ফলে নতুন ভেন্যু নির্ধারণের পাশাপাশি অংশগ্রহণকারী দলগুলোর বিষয়টিও পরবর্তী বৈঠকে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

শ্রীলঙ্কা ক্রিকেটের প্রশাসনিক পরিস্থিতি নিয়ে জুলাই মাসেই নিজেদের অবস্থান জানিয়েছিল আইসিসি। সংবিধান সংশোধনে অগ্রগতি হলেও দ্রুত নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার ওপর জোর দিয়েছিল বৈশ্বিক ক্রিকেট সংস্থাটি।

প্রশাসনিক সংকটের জেরে এরই মধ্যে আইসিসি বোর্ডে শ্রীলঙ্কা ক্রিকেটের প্রতিনিধিত্ব স্থগিত করা হয়েছে। এবার বড় একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের সুযোগ হারানোয় দেশটির ক্রিকেট প্রশাসন আরও বড় ধাক্কার মুখে পড়ল।

নারীদের প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ পর্যন্ত ভারতে অনুষ্ঠিত হবে, নাকি অন্য কোনো দেশ আয়োজনের দায়িত্ব পাবে—এখন সেটিই দেখার বিষয়।

সূত্র: ক্রিকইনফো

কালের আলো/এসএ

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন