মার্কিন সেনাবাহিনীর সচিব ড্যান ড্রিসকল পদত্যাগপত্র জমা দিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে উত্তেজনা ও মতবিরোধের খবরের মধ্যেই তার পদত্যাগের বিষয়টি সোমবার নিশ্চিত করেছে হোয়াইট হাউস।
ড্রিসকলের পদত্যাগের খবর প্রথম প্রকাশ করে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। এ বিষয়ে জানতে চাইলে হোয়াইট হাউসের প্রিন্সিপাল ডেপুটি প্রেস সেক্রেটারি আনা কেলি তা অস্বীকার করেননি।
কেলি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘মেক আমেরিকা স্ট্রং এগেইন’ কর্মসূচি বাস্তবায়নে ড্রিসকল অত্যন্ত কার্যকর ভূমিকা রেখেছেন। সামরিক অভিযানে তার নেতৃত্ব, সেনাবাহিনীর প্রস্তুতি ও সক্ষমতার ওপর গুরুত্ব বাড়ানো এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনায় সহায়তার কথাও তুলে ধরেন তিনি।
তবে ড্রিসকলের পদত্যাগের পেছনে হেগসেথের সঙ্গে বিরোধের বিষয়টি গুরুত্ব পেয়েছে। ড্রিসকল ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের আইন স্কুলের সহপাঠী এবং প্রশাসনে তাদের ঘনিষ্ঠ সম্পর্কের কারণে তিনি গুরুত্বপূর্ণ পদে আসেন বলে জানা যায়।
সিনেটের আর্মড সার্ভিসেস কমিটির শীর্ষ ডেমোক্র্যাট জ্যাক রিড ড্রিসকলের পদত্যাগের জন্য হেগসেথকে দায়ী করেছেন। তিনি বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওপর হেগসেথের কর্মকাণ্ড যে দীর্ঘমেয়াদি ক্ষতি করছে, তা স্বীকার করার সময় এসেছে প্রেসিডেন্ট ট্রাম্পের।
ইরাক যুদ্ধে অংশ নেওয়া সাবেক সেনা কর্মকর্তা ড্রিসকল ২০২০ সালে কংগ্রেস নির্বাচনে ব্যর্থ হওয়ার পর ট্রাম্পের ২০২৪ সালের নির্বাচনী প্রচারে উপদেষ্টা হিসেবে কাজ করেন।
ইরান যুদ্ধ সপ্তম মাসে প্রবেশের সময় ড্রিসকলের পদত্যাগ কার্যকর হলে মার্কিন সেনাবাহিনী স্থায়ী বেসামরিক বা সামরিক নেতৃত্ব ছাড়াই পড়তে পারে।
এর আগে গত এপ্রিলে হেগসেথ সেনাবাহিনীর চিফ অব স্টাফ জেনারেল র্যান্ডি জর্জকে বরখাস্ত করেছিলেন। ওই পদেও এখনো স্থায়ী উত্তরসূরি নিয়োগ করা হয়নি।
কালের আলো/এসএ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ । ১০:৩৮ পূর্বাহ্ণ