নিউইয়র্কের টাইমস স্কয়ারে ছুরিকাঘাতে নিহত ১, পুলিশের গুলিতে হামলাকারীও মৃত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ । ১০:৫৫ পূর্বাহ্ণ

নিউইয়র্কের পর্যটকে ভরা টাইমস স্কয়ারে ছুরি নিয়ে হামলার ঘটনায় একজন নিহত ও আরেকজন আহত হয়েছেন। সোমবারের এ ঘটনায় সন্দেহভাজন এক নারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন।

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এক সংবাদ সম্মেলনে হতাহতের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার অবস্থা স্থিতিশীল।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন নারী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলেও পরে তার মৃত্যু হয়।

ঘটনাটিকে সন্ত্রাসী হামলা বলে মনে করছে না নিউইয়র্ক পুলিশ। তবে হামলার কারণ ও ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।

ঘটনাস্থলে থাকা এএফপির এক সাংবাদিক জানান, টাইমস স্কয়ারে বিপুলসংখ্যক জরুরি সেবা কর্মী ও পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। কর্মকর্তাদের ঘটনাস্থলে রক্তের দাগ পরীক্ষা করতেও দেখা যায়।

প্রত্যক্ষদর্শীদের একজন স্থানীয় সংবাদমাধ্যম PIX11-কে জানান, ওই নারীর হাতে দুটি ছুরি ছিল। পুলিশ তাকে টেজার দিয়ে থামানোর চেষ্টা করলে তিনি কর্মকর্তাদের দিকে এগিয়ে যান। পরে পুলিশ গুলি চালায়।

নিউইয়র্ক পুলিশ বিভাগ (NYPD) ঘটনাটিকে ‘অফিসার-ইনভলভড শুটিং’ হিসেবে উল্লেখ করেছে। পুলিশ জানিয়েছে, এটি এখনো সক্রিয় তদন্তাধীন।

পর্যটকদের অন্যতম ব্যস্ত এই এলাকায় এমন সহিংসতার ঘটনায় সাময়িকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কালের আলো/এসএ

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন