‘তুমি চিরন্তন’-আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরে সতীর্থদের আবেগঘন বিদায়

স্পোর্টস ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ । ১১:১৫ পূর্বাহ্ণ

আর্জেন্টিনার জাতীয় দল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণায় আবেগে ভেসেছে ফুটবল বিশ্ব। সতীর্থ, সাবেক সতীর্থ, ফিফা সভাপতি থেকে শুরু করে আর্জেন্টিনার প্রেসিডেন্ট ও মেসির স্ত্রী-সবাই সামাজিক যোগাযোগমাধ্যমে কিংবদন্তি এই ফুটবলারের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন।

২০২২ বিশ্বকাপজয়ী দলের সদস্য আনহেল দি মারিয়া মেসির বিদায়ে আবেগঘন বার্তায় বলেন, আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে আর মেসিকে দেখা যাবে না—এ কথা মেনে নেওয়া কঠিন। তার সঙ্গে জাতীয় দলে এতগুলো বছর কাটাতে পারাকে নিজের জন্য সৌভাগ্যের বিষয় বলেও উল্লেখ করেন তিনি।

মেসির আরেক সতীর্থ রদ্রিগো দে পল তাকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘সর্বকালের সেরা, আমাদের এত আনন্দ দেওয়ার জন্য ধন্যবাদ। তুমি কল্পনাও করতে পারবে না, কত হাসি উপহার দিয়েছ। তুমি চিরন্তন।’

আর্জেন্টিনার ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরোও অধিনায়কের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, মেসি তার ও দেশের জন্য যা দিয়েছেন, তার জন্য তিনি সবসময় কৃতজ্ঞ থাকবেন।

আর্জেন্টিনা জাতীয় দলের পক্ষ থেকেও দেওয়া হয়েছে আবেগঘন বিদায়বার্তা-‘চিরন্তন কৃতজ্ঞতা, লিও। জীবনের শেষ দিন পর্যন্ত আমরা তোমাকে ভালোবাসব।’

মেসির অবসরে প্রতিক্রিয়া জানিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলে। সংক্ষিপ্ত বার্তায় তিনি বলেন, ‘অসাধারণ মানুষ, তোমাকে অনেক ধন্যবাদ।’

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারকে অসাধারণ বলে অভিহিত করেছেন। তার মতে, মেসি কোটি কোটি মানুষকে অনুপ্রাণিত করেছেন এবং ফুটবলকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছেন।

মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোও স্বামীর প্রতি ভালোবাসা ও গর্ব প্রকাশ করেছেন। মেসির এই যাত্রার পাশে থাকতে পারা এবং তার সব স্বপ্ন পূরণ হতে দেখা নিজের জন্য বড় সৌভাগ্য বলে উল্লেখ করেন তিনি।

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে বিশ্বকাপ, কোপা আমেরিকাসহ একাধিক শিরোপা জয়ের পর এবার আর্জেন্টিনার জার্সিকে বিদায় জানালেন মেসি। তার বিদায়ে সতীর্থ ও ভক্তদের বার্তায় স্পষ্ট—আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে তার জায়গা চিরস্থায়ী।

কালের আলো/এসএ

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন