‘বনলতা এক্সপ্রেস’-এর পর ফের জুটি রাজ-সাবিলা, আসছে ‘কানাভুলা প্যারাডক্স’

বিনোদন প্রতিবেদক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ । ১১:৫২ পূর্বাহ্ণ

‘বনলতা এক্সপ্রেস’-এ জুটি বেঁধে দর্শকদের নজর কেড়েছিলেন শরিফুল রাজ ও সাবিলা নূর। এবার নতুন সিনেমায় আবারও একসঙ্গে বড় পর্দায় আসছেন তারা।

‘কানাভুলা প্যারাডক্স’ নামের সিনেমাটি প্রযোজনা করছেন তানিম নূর। ২০২৭ সালের ঈদুল আজহায় সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে। আগামী বছরের শুরুতেই এর শুটিং শুরু হওয়ার কথা।

সিনেমাটির মাধ্যমে পরিচালনায় অভিষেক হতে যাচ্ছে আয়মান আসিব স্বাধীন ও সুষময় সরকারের। নির্মাতারা প্রচলিত গল্প বলার ধরন থেকে বেরিয়ে দর্শকদের সময়, সম্পর্ক, স্মৃতি ও রহস্যের এক ভিন্ন জগতে নিয়ে যেতে চান।

‘কানাভুলা প্যারাডক্স’ নির্মিত হচ্ছে লেখক মোহাইমিনুল ইসলাম বাপ্পীর একই নামের উপন্যাস অবলম্বনে। ২০২৪ সালে প্রকাশিত ওই উপন্যাসটিই সিনেমাটির মূল অনুপ্রেরণা।

এর আগে প্রযোজনা প্রতিষ্ঠানটি ‘উৎসব’ ও ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার মাধ্যমে আলোচনায় আসে। ‘কানাভুলা প্যারাডক্স’ হতে যাচ্ছে প্রতিষ্ঠানটির তৃতীয় চলচ্চিত্র।

রাজ ও সাবিলার আগের জুটি দর্শকদের মধ্যে সাড়া ফেলায় নতুন সিনেমাটি নিয়েও এরই মধ্যে তৈরি হয়েছে আগ্রহ। এবার সময়, সম্পর্ক, স্মৃতি ও রহস্যনির্ভর গল্পে তাদের রসায়ন কেমন হয়, সেটিই দেখার অপেক্ষা।

কালের আলো/এসএ

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন