জনগণের স্বার্থ বিবেচনায় মক্কা চুক্তির সিদ্ধান্ত নেবে সরকার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ । ১২:২০ অপরাহ্ণ

মক্কা চুক্তিতে অংশ নেওয়ার আগে এর মাধ্যমে বাংলাদেশের কী সুবিধা হবে এবং জনগণ কতটা উপকৃত হবে, তা যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদানের বিষয়ে শামা ওবায়েদ বলেন, বহুপক্ষীয় কোনো ফোরামে অংশ নেওয়ার আগে বাংলাদেশ ‘ফার্স্ট’ নীতি অনুসরণ করে। কোনো উদ্যোগে যুক্ত হওয়ার আগে এতে বাংলাদেশের স্বার্থ কতটা রক্ষা হবে এবং জনগণের জন্য কী ধরনের সুফল আসবে, তা পর্যালোচনা করা হবে।

তিনি বলেন, মক্কা চুক্তির বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রস্তাব বাংলাদেশ পায়নি। বিষয়টি উন্মুক্ত রয়েছে, তাই পরবর্তী সময়ে এটি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব অ্যান্ডা ফিলিপের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

বৈঠকে বাংলাদেশের গণতন্ত্রের পুনর্যাত্রাকে স্বাগত জানায় আইপিইউ। পাশাপাশি সংসদীয় গণতন্ত্রের উন্নয়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং সংসদীয় কূটনীতি জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

শামা ওবায়েদ জানান, তরুণ সংসদ সদস্যদের উপস্থিতিকেও ইতিবাচকভাবে দেখছে আইপিইউ। এছাড়া রোহিঙ্গা সংকটের সমাধান এবং জলবায়ু ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সংসদীয় ফোরামগুলোর সমর্থন আদায়ের বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

কালের আলো/এসকে/এমএসআইপি 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন