‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর ইতিহাসের সাক্ষী হতে ভেনিসে বিধান রিবেইরো

বিনোদন প্রতিবেদক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ । ১২:৫৯ অপরাহ্ণ

বাংলাদেশি চলচ্চিত্র সমালোচক ও লেখক বিধান রিবেইরো ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চলচ্চিত্র সমালোচক ও ঢাকায় প্রকাশিত ইংরেজি ভাষার মাসিক চলচ্চিত্র সাময়িকী ‘কাট টু সিনেমা’র সম্পাদক হিসেবে অংশ নিচ্ছেন।

লা বিয়েনালে দি ভেনেজিয়ার আয়োজনে আগামী ২ থেকে ১২ সেপ্টেম্বর ভেনিস লিডোতে অনুষ্ঠিত হবে এবারের উৎসব। এতে মূল প্রতিযোগিতা বিভাগ ভেনেজিয়া ৮৩-তে ২১টি সিনেমাসহ থাকছে অরিজন্তি, ভেনিস স্পটলাইট, ভেনিস ওপেন, ভেনিস ক্লাসিকস ও ভেনিস ইমার্সিভসহ বিভিন্ন বিভাগ।

এবার ভেনিস উৎসবের অরিজন্তি বিভাগে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। ৮৮ মিনিটের সিনেমাটি বাংলাদেশ, ফ্রান্স, পর্তুগাল, নরওয়ে ও জার্মানির যৌথ প্রযোজনা। ভেনিস চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হওয়া এটিই বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এর আগে ২০১০ সালে ইশতিয়াক জিকোর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘৭২০ ডিগ্রিজ’ অরিজন্তি বিভাগে নির্বাচিত হয়েছিল।

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর নির্বাচনের কারণে এবারের উৎসব নিয়ে বিশেষভাবে উচ্ছ্বসিত বিধান। পাশাপাশি ১৯২৬ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের ইতালি সফরের ১০০ বছর পূর্তির বিষয়টিও এবারের উৎসবকে তার কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

ভেনিসের এবারের আয়োজনে থাকছে বিশ্বখ্যাত নির্মাতা ভার্নার হারজগ, ভিম ভেন্ডার্স ও ল্যাভ দিয়াজের সিনেমাও। হারজগের ‘বাকিং ফাস্টার্ড’ প্রতিযোগিতা বিভাগে রয়েছে। অন্যদিকে ভেন্ডার্সের ‘ফ্রম ইনসাইড আউট: দ্য আর্কিটেকচার অব পিটার জুমথর’ এবং দিয়াজের ‘মাকিকিরান পো’ ভেনিস ওপেন বিভাগে প্রদর্শিত হবে।

ভেনিস উৎসব শেষে বিধান রিবেইরো যাবেন বুদাপেস্টে। সেখানে ১৫ থেকে ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে নবম বুদাপেস্ট ক্লাসিকস ফিল্ম ম্যারাথন। হাঙ্গেরির ন্যাশনাল ফিল্ম ইনস্টিটিউট আয়োজিত এই উৎসবের মূল আকর্ষণ পুনরুদ্ধার করা চলচ্চিত্র ও আন্তর্জাতিক চলচ্চিত্র ঐতিহ্য।

চলচ্চিত্র সমালোচক হিসেবে উৎসবটির উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার আমন্ত্রণ পেয়েছেন বিধান। বুদাপেস্টে অবস্থানকালে তিনি আন্তর্জাতিক চলচ্চিত্র সমালোচক ফেডারেশন (ফিপ্রেসি)-এর সাধারণ সভাতেও অংশ নেবেন।

ভেনিসের সমকালীন বিশ্ব চলচ্চিত্রের আয়োজন থেকে বুদাপেস্টের চলচ্চিত্র ঐতিহ্য ও সংরক্ষণকেন্দ্রিক উৎসব—দুই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আয়োজনে বিধান রিবেইরোর অংশগ্রহণ বাংলাদেশের চলচ্চিত্র সমালোচনা ও চলচ্চিত্রচর্চার আন্তর্জাতিক পরিসরে আরও একটি উল্লেখযোগ্য উপস্থিতি তৈরি করছে।

কালের আলো/এসএ

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন