অতিরিক্ত অর্থ আদায় ও হয়রানির অভিযোগে উত্তরা পাসপোর্ট অফিসে দুদক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬ । ১:১৮ অপরাহ্ণ

পাসপোর্ট গ্রহীতাদের হয়রানি, ঘুষ গ্রহণ ও আর্থিক অনিয়মের অভিযোগে রাজধানীর উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুদকের এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করে।

দুদকের সহকারী পরিচালক তানজির আহমেদ জানান, উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের বিরুদ্ধে পাওয়া সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে এনফোর্সমেন্ট টিম সেখানে অভিযান চালায়। অভিযোগের সত্যতা যাচাইয়ের পাশাপাশি সংশ্লিষ্ট নথিপত্র ও অফিসের বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা করা হচ্ছে।

দুদক সূত্রে জানা গেছে, পাসপোর্ট করতে আসা সাধারণ গ্রহীতাদের বিভিন্নভাবে হয়রানি, নির্ধারিত সরকারি ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায় এবং ঘুষের বিনিময়ে দ্রুত কাজ করে দেওয়ার অভিযোগ রয়েছে। পাশাপাশি অফিসের বিভিন্ন কার্যক্রমে আর্থিক অনিয়ম ও নিয়মবহির্ভূত লেনদেনের অভিযোগও পেয়েছে সংস্থাটি।

অভিযোগ রয়েছে, পাসপোর্টের আবেদন, তথ্য সংশোধন, ছবি ও বায়োমেট্রিক গ্রহণসহ বিভিন্ন ধাপে নানা অজুহাতে গ্রহীতাদের হয়রানি করা হয়। কোনো কোনো ক্ষেত্রে দালালের মাধ্যমে অতিরিক্ত অর্থ নেওয়া এবং টাকা দিলে দ্রুত সেবা দেওয়ার অভিযোগও রয়েছে।

দুদক কর্মকর্তারা জানান, অভিযানে সংগৃহীত তথ্য-উপাত্ত ও নথিপত্র পর্যালোচনার পর অভিযোগের সত্যতা সম্পর্কে বিস্তারিত জানা যাবে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেলে বিষয়টি অনুসন্ধান বা তদন্তের জন্য কমিশনের সংশ্লিষ্ট শাখায় পাঠানো হতে পারে।

অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কমিশনের বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দুদক।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন