নতুন অ্যালবাম নিয়ে ফিরছে স্পিরিচুয়াল, শুরু ‘দুঃস্বপ্ন’ দিয়ে

বিনোদন প্রতিবেদক
প্রকাশের সময়: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬ । ৫:১২ অপরাহ্ণ

দীর্ঘদিনের সংগীতচর্চার পর নতুন অ্যালবাম নিয়ে শ্রোতাদের সামনে ফিরছে ব্যান্ড স্পিরিচুয়াল। ‘পেছনের গল্প’ শিরোনামের অ্যালবামটি সাজানো হয়েছে মোট আটটি গান দিয়ে।

তবে প্রচলিত নিয়মে একসঙ্গে পুরো অ্যালবাম প্রকাশ না করে এবার ভিন্ন পরিকল্পনা নিয়েছে ব্যান্ডটি। পর্যায়ক্রমে একটি করে গান প্রকাশের মাধ্যমে ধীরে ধীরে শ্রোতাদের সামনে উন্মোচিত হবে ‘পেছনের গল্প’-এর প্রতিটি অধ্যায়।

এই যাত্রার শুরু হচ্ছে ‘দুঃস্বপ্ন’ গান দিয়ে। আগামী ৩ সেপ্টেম্বর মিউজিক ভিডিওসহ গানটি প্রকাশ করা হবে। এর মধ্য দিয়েই স্পিরিচুয়ালের নতুন সংগীত অধ্যায়ের সূচনা হবে।

‘দুঃস্বপ্ন’ প্রকাশের পর অ্যালবামের বাকি গানগুলোও পর্যায়ক্রমে প্রকাশের পরিকল্পনা রয়েছে। ব্যান্ডটির লক্ষ্য, ২০২৬ সালের মধ্যেই ‘পেছনের গল্প’-এর আটটি গান শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়া।

প্রতিটি গানকে আলাদাভাবে শ্রোতাদের সামনে তুলে ধরার পরিকল্পনায় অ্যালবামটি শুধু গানের সংকলন নয়, বরং ধাপে ধাপে উন্মোচিত একটি পূর্ণাঙ্গ সংগীতকাহিনি হয়ে উঠবে বলে মনে করছে স্পিরিচুয়াল।

ব্যান্ডটির পরিকল্পনা অনুযায়ী, একটি গান প্রকাশের পর সেটি নিয়ে শ্রোতাদের প্রতিক্রিয়া ও অনুভূতি জানার সুযোগ থাকবে। সেই আবহ ও প্রতিক্রিয়াকে সঙ্গে নিয়েই পরবর্তী গান প্রকাশ করা হবে। এভাবেই একে একে পূর্ণতা পাবে পুরো অ্যালবাম।

দীর্ঘ সংগীতযাত্রায় অর্জিত অভিজ্ঞতা, অনুভূতি ও নতুন সৃষ্টিকে আরও পরিণতভাবে শ্রোতাদের সামনে তুলে ধরতেই এই আয়োজন বলে জানিয়েছে ব্যান্ডটি।

‘পেছনের গল্প’ অ্যালবামের গানগুলো স্পিরিচুয়ালের অফিশিয়াল ইউটিউব চ্যানেল ছাড়াও স্পটিফাই, অ্যাপল মিউজিক, আইটিউনস, অ্যামাজন মিউজিক ও ইউটিউব মিউজিকসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে পাওয়া যাবে।

কালের আলো/এসএ

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন