অপরাধ দমনে কঠোর, জনগণের প্রতি মানবিক হওয়ার নির্দেশ রাষ্ট্রপতির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ । ৩:০১ অপরাহ্ণ

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে পুলিশকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বঙ্গভবনে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, অপরাধীদের দমনে পুলিশকে কঠোর হতে হবে। একই সঙ্গে সাধারণ ও নিরপরাধ মানুষের সঙ্গে ন্যায়সঙ্গত ও মানবিক আচরণ নিশ্চিত করতে হবে।

তিনি আইনের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি সাইবার অপরাধ, ছিনতাই, চাঁদাবাজি, মাদক ও গুজবের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেন।

এ সময় বিচারবহির্ভূত হত্যা, জনগণকে হয়রানি এবং মিথ্যা মামলা বন্ধে কার্যকর পদক্ষেপ অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি।

সাক্ষাৎকালে আইজিপি পুলিশ বাহিনীর মনোবল দৃঢ় রাখা, বাহিনীর আধুনিকায়ন ও ডিজিটালাইজেশনে নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি পুলিশ বাহিনীর সার্বিক কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন। এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন