‘গোট বিতর্ক: নিষ্পত্তি’-মেসির বিশেষ ভিডিওতে কি রোনালদোকে জবাব?

স্পোর্টস ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ । ৩:৫৭ অপরাহ্ণ

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার কয়েক দিনের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ এক বার্তা দিলেন লিওনেল মেসি। ভিডিওটির শেষ লাইনে লেখা—‘গোট বিতর্ক: নিষ্পত্তি’। আর এতেই নতুন করে আলোচনায় উঠে এসেছে ফুটবলের সর্বকালের সেরা কে—মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনালদো?

প্রখ্যাত পানীয় ব্র্যান্ড মিশেলোব আল্ট্রার ‘ট্যাব ক্লোজড’ বিজ্ঞাপনী প্রচারণার অংশ হিসেবে ভিডিওটি নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেন আর্জেন্টাইন মহাতারকা।

ভিডিওতে দেখা যায়, এক বারটেন্ডার বারের একটি দীর্ঘ রসিদ প্রিন্ট করছেন। তবে সেখানে কোনো খাবার বা পানীয়ের বিল নেই। বরং রসিদজুড়ে লেখা হয়েছে আর্জেন্টিনার হয়ে মেসির দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের অর্জন ও পরিসংখ্যান।

রসিদে মেসির ক্যারিয়ারের খতিয়ান

রসিদে তুলে ধরা হয়েছে আর্জেন্টিনার হয়ে মেসির ২০৭ ম্যাচ ও ১২৫ গোলের রেকর্ড। আন্তর্জাতিক ফুটবলে এটাই তার চূড়ান্ত পরিসংখ্যান।

এর পাশাপাশি বিশেষভাবে জায়গা পেয়েছে তার জেতা তিনটি বড় আন্তর্জাতিক শিরোপা—২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা এবং ২০২২ সালের ফিফা বিশ্বকাপ।

মেসির অসংখ্য রেকর্ড, গুরুত্বপূর্ণ গোল ও আর্জেন্টিনার হয়ে স্মরণীয় মুহূর্তগুলোর কথাও উঠে আসে সেই ‘রসিদে’। সবশেষে এক লাইনে ঘোষণা—‘গোট বিতর্ক: নিষ্পত্তি’।

অর্থাৎ বিজ্ঞাপনী প্রচারণার ভাষায় যেন মেসির পক্ষ থেকেই দীর্ঘদিনের বিতর্কে একটি ‘ফাইনাল বিল’ ধরিয়ে দেওয়া হলো।

দুই মহাতারকার দ্বৈরথ

প্রায় দুই দশক ধরে ফুটবলবিশ্বের অন্যতম বড় বিতর্ক—মেসি নাকি রোনালদো, কে সর্বকালের সেরা?

বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের হয়ে খেলার সময় এই দ্বৈরথ লা লিগা থেকে চ্যাম্পিয়ন্স লিগ—সবচেয়ে বড় মঞ্চে নতুন মাত্রা পায়। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে দুজন মুখোমুখি হয়েছেন ৩৬ বার। এসব ম্যাচে মেসির দল জিতেছে ১৬টি, রোনালদোর দল ১১টি এবং ৯টি ম্যাচ ড্র হয়েছে।

ব্যক্তিগত গোলের হিসাবেও ব্যবধান খুব সামান্য—মেসির ২২, রোনালদোর ২১।

তবে আন্তর্জাতিক ক্যারিয়ারে গোলসংখ্যায় এগিয়ে রোনালদো। পর্তুগালের হয়ে ২৩৩ ম্যাচে তার গোল ১৪৬টি। অন্যদিকে আর্জেন্টিনার হয়ে ২০৭ ম্যাচে মেসির গোল ১২৫টি।

বিশ্বকাপেই মেসির বড় জবাব

রোনালদোর ক্যারিয়ারে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার সংখ্যা বেশি হলেও বিশ্বকাপের ট্রফি এখনো তার অধরা। ছয়টি বিশ্বকাপে অংশ নিয়েও পর্তুগালের হয়ে বিশ্বচ্যাম্পিয়ন হতে পারেননি তিনি।

অন্যদিকে ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে নেতৃত্ব দিয়ে কাঙ্ক্ষিত শিরোপা জেতেন মেসি। সেই বিশ্বকাপ জয়ই তার ক্যারিয়ারের সবচেয়ে বড় অপূর্ণতা পূরণ করে এবং ‘সর্বকালের সেরা’ বিতর্কে তার অবস্থানকে আরও শক্তিশালী করে।

তবে মেসির নতুন ভিডিওটি সরাসরি রোনালদোকে উদ্দেশ করে বানানো কি না, তা বলা হয়নি। এটি মূলত মিশেলোব আল্ট্রার বিজ্ঞাপনী প্রচারণার অংশ। তবু শেষ লাইনের ‘গোট বিতর্ক: নিষ্পত্তি’ বার্তাটি যে ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে আলোড়ন তুলবে, তা বলার অপেক্ষা রাখে না।

কালের আলো/এসএ

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন