তিন বছরে বন্ধ ৪ শতাধিক পোশাক কারখানা: সংসদে বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ । ৪:৫৩ অপরাহ্ণ

২০২৩ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত তিন বছরে দেশে ৪ শতাধিক তৈরি পোশাক কারখানা বন্ধ হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. রুহুল আমিনের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
বাণিজ্যমন্ত্রী জানান, বন্ধ হওয়া কারখানাগুলোর মধ্যে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)–এর সদস্য ২৮২টি এবং বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)–এর সদস্য ১২৩টি। এসব কারখানার নামের তালিকা সংগ্রহের কার্যক্রম চলমান রয়েছে।
কারখানা বন্ধের পেছনে বৈশ্বিক ও অভ্যন্তরীণ বিভিন্ন কারণ রয়েছে বলে জানান মন্ত্রী। এর মধ্যে করোনা পরিস্থিতি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত, আমেরিকা-ইরান যুদ্ধ, আন্তর্জাতিক মন্দা এবং দেশের রাজনৈতিক অস্থিরতার কথা উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া অর্থ পাচারের কারণে ব্যাংকিং খাতে তারল্য সংকট, ইউরোপের সঙ্গে ভারত ও ভিয়েতনামের মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এবং ছোট ও মাঝারি কারখানায় বিদেশি ক্রেতাদের রপ্তানি আদেশ দিতে অনাগ্রহকেও কারখানা বন্ধের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন বাণিজ্যমন্ত্রী।
পোশাক খাতের উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও সংসদে তুলে ধরেন তিনি। এর মধ্যে বিকল্প নগদ সহায়তা, ইউরো অঞ্চলে রপ্তানিকারকদের অতিরিক্ত সহায়তা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য অতিরিক্ত সুবিধা দেওয়ার বিষয় রয়েছে।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন