ত্রয়োদশ সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিএনপি সরকার গঠন করলেও অসুস্থতার কারণে এতদিন সংসদে যোগ দিতে পারেননি দলটির ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস। দীর্ঘ পাঁচ মাসেরও বেশি সময় সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) চলমান সংসদ অধিবেশনে যোগ দিলেন তিনি। শারীরিক অসুস্থতার কারণে তিনি হুইল চেয়ারে সংসদের অধিবেশন কক্ষে প্রবেশ করেন।
সংসদ অধিবেশন কক্ষে প্রবেশ করলে সংসদ সদস্য মির্জা আব্বাসকে স্বাগতম জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, ‘মাননীয় সংসদ সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদ দীর্ঘ পাঁচ মাস পর চিকিৎসা শেষে দেশে ফিরে এসেছেন। আপনাকে এই সংসদে স্বাগতম জানাচ্ছি।’
সংসদ অধিবেশন কক্ষে প্রবেশের পর মির্জা আব্বাসের হুইল চেয়ার পেছন থেকে ধরেন সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজান। পাশের আসনে বসে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা- ২ আসনের সংসদ সদস্য আমান মির্জা আব্বাসের হাত তুলে ধরে সবাইকে সালাম দেন। এসময় সংসদ অধিবেশন কক্ষে সবাই তাকে স্বাগত জানান। টেবিল চাপড়েও স্বাগতম জানান।
এরআগে বুধবার (২ সেপ্টেম্বর) রাতে দেশে ফিরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। পরে বৃহস্পতিবার অধিবেশনের আগে তিনি সংসদে নিজ দফতরে যোগ দেন।
এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরে মির্জা আব্বাস জাতীয় সংসদ তার নিজ অফিসে প্রথম দিনের মতো দাপ্তরিক কাজ করেন।
গত ১৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্স যোগে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। গত ১৪ এপ্রিল ফিজিওথেরাপির জন্য তাকে মালয়েশিয়ার একটি পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হয়। চিকিৎসকের পরামর্শে সেখানে এতদিন বিশ্রামে ছিলেন তিনি।
কালের আলো/আরডি/এমডিএইচ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ । ৬:৪২ অপরাহ্ণ