ভিসা পেতে দালালের দ্বারস্থ না হওয়ার পরামর্শ ভারতীয় হাইকমিশনের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ । ১২:০৮ অপরাহ্ণ

ভিসা প্রত্যাশীদের অননুমোদিত দালাল ও এজেন্টদের থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকার ভারতীয় হাইকমিশনের এক সতর্কবার্তায় বলা হয়, বিভিন্ন প্রলোভন দেখিয়ে ভিসা প্রত্যাশীদের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করে থাকে দালালরা। তারা ‘নিশ্চিত ভিসা’, ‘দ্রুত প্রক্রিয়াকরণ’ এবং ‘নিশ্চিত অ্যাপয়েন্টমেন্ট স্লট’-এর মতো মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আবেদনকারীদের আকৃষ্ট করে।

হাইকমিশন সতর্ক করে জানায়, এসব প্রতিশ্রুতিতে বিশ্বাস করলে অর্থের পাশাপাশি ভিসা আবেদন ও গুরুত্বপূর্ণ সময়ও ক্ষতির মুখে পড়তে পারে।

সতর্কবার্তায় কোনো অননুমোদিত এজেন্ট বা ব্যক্তির কাছে টাকা, প্রয়োজনীয় কাগজপত্র কিংবা ব্যক্তিগত তথ্য হস্তান্তর না করার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া ভারতের ট্রানজিট ভিসার জন্য আবেদনকারীদের নির্ধারিত সরকারি ভিসা প্রক্রিয়া অনুসরণ করে সরাসরি আবেদন করার আহ্বান জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।

কালের আলো/এসকে/এমএসআইপি

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন