দেশের প্রতিটি সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সরকারি হাসপাতালগুলোতে দালালদের দৌরাত্ম্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট ২৫০ শয্যার জেলা হাসপাতাল এবং হাম চিকিৎসার জন্য ডেডিকেটেড শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, একটি শ্রেণি রোগীদের ভুল বুঝিয়ে বিভিন্ন বেসরকারি ক্লিনিকে নিয়ে যায়। এসব দালালের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। দালালদের ধরতে র্যাব ও ডিজিএফআই একযোগে কাজ করছে এবং ইতোমধ্যে বিভিন্ন হাসপাতালে অভিযান চালানো হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, অবৈধ ক্লিনিক ও ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধেও অভিযান অব্যাহত রয়েছে। জেলা প্রশাসক ও সিভিল সার্জনদের মাধ্যমে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। জরিমানার পাশাপাশি অবৈধ ক্লিনিক সিলগালা করা হচ্ছে।
ভুয়া চিকিৎসক ও সনদধারী টেকনিশিয়ান দিয়ে অপারেশন করানো প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, এসব কার্যক্রম পুরোপুরি বাস্তবায়নে কিছুটা সময় লাগবে। তিনি অন্তত ছয় মাস সময় দেওয়ার আহ্বান জানান।
হাসপাতালে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। দায়িত্ব নেওয়ার পর গত এক মাসে তিনি ২৫টির বেশি হাসপাতাল পরিদর্শন করেছেন এবং প্রায় সব হাসপাতালেই চিকিৎসকদের শতভাগ উপস্থিতি পেয়েছেন বলে দাবি করেন।
এদিকে হামের টিকা থেকে বাদ পড়া শিশুদের খুঁজে বের করে বিশেষ টিকাদান কর্মসূচি পরিচালনার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, আগের কর্মসূচিতে বিভিন্ন কারণে কিছু শিশু টিকা থেকে বাদ পড়েছে। এ কারণে তাদের মধ্যে হাম দেখা দেওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।
মন্ত্রী বলেন, চলতি মাসের শেষদিকে দেশব্যাপী আবারও পূর্ণাঙ্গ বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু করা হবে। এরই মধ্যে সিলেটে লক্ষ্যমাত্রার বাইরে তিন হাজারের বেশি শিশুকে নতুন করে টিকা দেওয়া হয়েছে। হাওরাঞ্চলেও টিকাদান কার্যক্রমে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
ওসমানী হাসপাতালের ড্রেনেজ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে সংশ্লিষ্টদের আগামী সাত দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।
দেশের স্বাস্থ্য খাতে জনবল সংকটের কথাও তুলে ধরে তিনি বলেন, সীমিত জনবল নিয়েই স্বাস্থ্যকর্মীরা দিন-রাত রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের কর্মকর্তা, চিকিৎসক ও নার্সদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
কালের আলো/এএএন/এমএসআইপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ । ৩:২৭ অপরাহ্ণ