ভুয়া ডিজিএফআই পরিচয়পত্র ও ওয়াকি-টকিসহ ৩ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিবেদক
প্রকাশের সময়: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ । ৩:৩২ অপরাহ্ণ

নারায়ণগঞ্জের ফতুল্লায় ভুয়া ডিজিএফআই (প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর) পরিচয় দেওয়ার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডিজিএফআইয়ের ভুয়া পরিচয়পত্র ও ওয়াকি-টকি উদ্ধার করা হয়।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে ফতুল্লা থানাধীন ভূইঘর সাহেবপাড়া পঞ্চায়েতের মোড় এলাকার বিসমিল্লাহ টাওয়ারের সামনে কয়েকজন ব্যক্তি ভুয়া ডিজিএফআই পরিচয়ে অবস্থান করছে—এমন খবর পেয়ে অভিযান চালায় ফতুল্লা থানা পুলিশ।

পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা কয়েকজন পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তাদের কথাবার্তায় অসংগতি পাওয়া যায়। একপর্যায়ে পুলিশ তাদের পরিচয়পত্র দেখতে চাইলে তারা বৈধ পরিচয়পত্র দেখাতে পারেননি।

পরে আটক ব্যক্তিদের দেহ তল্লাশি করে ডিজিএফআইয়ের ভুয়া পরিচয়পত্র ও ব্যবহৃত ওয়াকি-টকি উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—জয়পুরহাটের আক্কেলপুর থানার বজর গ্রামের নুরুল ইসলামের ছেলে রায়হান মাহাবুব আলম (৩৬), সিদ্ধিরগঞ্জের সানারপাড় রহিম মার্কেট এলাকার মৃত দুলাল গাজীর ছেলে মোহাম্মদ সাদ্দাম গাজী (৩০) এবং ফতুল্লার ভূইঘর পূর্বপাড়া এলাকার আ. ছালাম হোসেনের ছেলে নাসির হোসেন (৩৫)।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, ডিজিএফআইয়ের ভুয়া পরিচয় দেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

কালের আলো/এসকে/এমএসআইপি

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন