‘ভালো হয়ে যাও মাসুদ’ এবার ঢাকায় বদলি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ । ২:৩৪ পূর্বাহ্ণ

তৎকালীন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ’ মন্তব্যের পর আলোচনায় আসা বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) কর্মকর্তা মো. মাসুদ আলমকে চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হয়েছে।

গত ৩১ আগস্ট বিআরটিএ চেয়ারম্যানের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ বদলি ও পদায়নের তথ্য জানানো হয়। আদেশে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে।

অফিস আদেশ অনুযায়ী, বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলমকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) পদে বদলি করা হয়েছে।

অন্যদিকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শফিকুজ্জামান ভূঞাকে একই পদে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে বদলি করা হয়েছে। ফলে চট্টগ্রামে মাসুদ আলমের স্থলাভিষিক্ত হচ্ছেন শফিকুজ্জামান ভূঞা।

এর আগে বিআরটিএর অনিয়ম ও কর্মকর্তাদের ভূমিকা নিয়ে আলোচনার সময় তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মো. মাসুদ আলমকে উদ্দেশ করে ওই মন্তব্য করেছিলেন। এরপর থেকেই বিভিন্ন মহলে আলোচনায় আসেন বিআরটিএর এই কর্মকর্তা।

এবার চট্টগ্রাম থেকে ঢাকায় বদলির খবর প্রকাশের পর নতুন করে আলোচনায় এসেছে ‘ভালো হয়ে যাও মাসুদ’ মন্তব্যটি।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন