নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩৪৪ জনে দাঁড়িয়েছে। গত ২৬ আগস্ট আকস্মিক বন্যার পর দেশটির বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটে। এখনো নিখোঁজ রয়েছেন প্রায় ৪ হাজার ৭৯৮ জন। তাদের উদ্ধারে নিরাপত্তা বাহিনীর যৌথ কমান্ড অভিযান চালিয়ে যাচ্ছে।
নেপাল পুলিশের বরাতে জানা গেছে, বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। হিমালয়ে হিমবাহ ধসে উপত্যকাজুড়ে কয়েকটি হ্রদের সৃষ্টি এবং পরে সেসব হ্রদের পানি তিব্বত সীমান্তবর্তী গ্রামগুলোর ওপর দিয়ে প্রবল বেগে নেমে আসায় এ বিপর্যয় ঘটে বলে ধারণা করা হচ্ছে।
বন্যায় বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং অসংখ্য ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় পানিদূষণ ও সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কাও দেখা দিয়েছে। বিদুর এলাকায় পানীয় জলের ১৫টি উৎসের মধ্যে পাঁচটিতে ই-কোলাই ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া গেছে।
এদিকে বন্যার পর ধসে পড়া মাটির নিচে চাপা পড়া ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের একটি টানেল থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে। ব্যাপক তল্লাশি ও উদ্ধার অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
অন্যদিকে নেপালের রাসুয়া ও নুয়াকোট জেলায় প্রায় ৬০০ শিশুর সন্ধান পাওয়া যাচ্ছে না বলে জানা গেছে।
বন্যায় ভারতীয় নাগরিকদেরও অনেকে নিখোঁজ হয়েছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, নেপালে ২৭৫ ভারতীয় নিখোঁজ রয়েছেন এবং ১৬৬ জনকে উদ্ধার করা হয়েছে। দুর্যোগের পর ভারত প্রায় ৯৫ টন ত্রাণসামগ্রী পাঠিয়েছে এবং উদ্ধারকারী দলও মোতায়েন করেছে।
কালের আলো/এএএন/এমএসআইপি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ । ১:৪৯ অপরাহ্ণ