ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে সভাপতির আসনে ড. খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ । ১:৫৭ অপরাহ্ণ

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নিতে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আগামী ৮ সেপ্টেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করবেন।

সূত্র জানায়, ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন শুরু হবে। আগামী ২২ সেপ্টেম্বর রাষ্ট্র ও সরকারপ্রধানদের ভাষণের মধ্য দিয়ে শুরু হবে অধিবেশনের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক। এতে সভাপতিত্ব করবেন ড. খলিলুর রহমান।

এর আগে গত ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিদের গোপন ব্যালটের ভোটে ড. খলিলুর রহমানকে ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত করা হয়। নির্বাচনে তিনি সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিসকে আট ভোটের ব্যবধানে পরাজিত করেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব বাংলাদেশের জন্য নতুন নয়। এর আগে ১৯৮৬ সালে ইউএনজিএ’র ৪১তম অধিবেশনে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরী সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।

দীর্ঘ চার দশক পর আবারও একজন বাংলাদেশি বিশ্বের অন্যতম বৃহৎ বহুপাক্ষিক ফোরাম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে যাচ্ছেন।

কালের আলো/এএইচ/এমএসআইপি

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন