আগামী বছরের মে মাসে ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ। ম্যাচের এখনও প্রায় আট মাস বাকি থাকলেও এরই মধ্যে শুরু হয়ে গেছে বহুল প্রতীক্ষিত এই টেস্টকে ঘিরে প্রস্তুতি। ইতোমধ্যে টিকিট বিক্রির প্রক্রিয়াও শুরু করেছে লর্ডস কর্তৃপক্ষ।
শুক্রবার ২০২৭ সালের আন্তর্জাতিক ম্যাচগুলোর জন্য সাধারণ দর্শকদের টিকিট উন্মুক্ত করা হয়েছে। লর্ডসে অনুষ্ঠিতব্য গ্রীষ্মকালীন আন্তর্জাতিক ম্যাচগুলোর টিকিট পেতে আগ্রহীরা ব্যালটের মাধ্যমে আবেদন করতে পারবেন। ব্যালটে আবেদনের শেষ সময় আগামী ২৬ অক্টোবর।
নভেম্বরের শুরুতে নির্বাচিত দর্শকদের ই-মেইলের মাধ্যমে বিষয়টি জানিয়ে দেওয়া হবে। নির্বাচিতরা ১৭ নভেম্বর পর্যন্ত টিকিট কেনার সুযোগ পাবেন। এরপর ১০ ডিসেম্বর থেকে শুরু হবে সাধারণ দর্শকদের জন্য টিকিট বিক্রি।
দীর্ঘ ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। সর্বশেষ ২০১০ সালে ইংল্যান্ড সফরে গিয়ে টেস্ট খেলেছিল টাইগাররা। সেই সফরে লর্ডসেই ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি করেছিলেন তামিম ইকবাল। মাত্র ৯৪ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছেছিলেন সাবেক এই ওপেনার। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্বে রয়েছেন তিনি।
বাংলাদেশ ও ইংল্যান্ডের সর্বশেষ টেস্ট সিরিজ অনুষ্ঠিত হয়েছিল ২০১৬ সালে বাংলাদেশের মাটিতে। দুই ম্যাচের সেই সিরিজ ১-১ সমতায় শেষ হয়েছিল।
এবার দীর্ঘ অপেক্ষার পর আবারও ইংল্যান্ডের মাটিতে লর্ডসের ঐতিহাসিক মাঠে মুখোমুখি হবে দুই দল। ম্যাচ মাঠে গড়াতে আরও কয়েক মাস বাকি থাকলেও টিকিটের ব্যালট চালু হওয়ায় এখন থেকেই শুরু হয়ে গেল বাংলাদেশ-ইংল্যান্ড টেস্টের কাউন্টডাউন।
কালের আলো/এসএ

স্পোর্টস ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ । ৫:২০ অপরাহ্ণ