দলের নাম ব্যবহার করে কেউ যেন সাধারণ মানুষকে হয়রানি বা কষ্ট দিতে না পারে, সে বিষয়ে নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সারা দেশের নেতাকর্মীদের উদ্দেশে তিনি এ আহ্বান জানান।
তারেক রহমান বলেন, জাতীয়তাবাদী শক্তির প্রতিটি নেতাকর্মীকে সতর্ক থাকতে হবে। দলের নাম ব্যবহার করে কেউ যাতে দলকে বিব্রত করতে না পারে, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।
তিনি বলেন, দলের পরিচয় ব্যবহার করে এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না, যা সাধারণ মানুষের কষ্টের কারণ হয়। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে এটিই নেতাকর্মীদের প্রতিজ্ঞা ও শপথ হওয়া উচিত।
এ সময় তিনি ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নিহত, গুম ও আহত নেতাকর্মীদের প্রতি শ্রদ্ধা জানান এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।
উল্লেখ্য, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার ৪৮ বছর পূর্তি উপলক্ষে ১ থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত পাঁচ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে দলটি।
কালের আলো/ডিএইচ/এমএসআইপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ । ৮:৪৩ অপরাহ্ণ