বিগত সরকারের রেখে যাওয়া সংকটকে পুঁজি করে কেউ দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) অডিটোরিয়ামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সরকার একটি মানবিক রাষ্ট্র ও টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, যেখানে মানুষের কথা বলার অধিকার থাকবে। তবে বিগত সরকারের রেখে যাওয়া বিভিন্ন সমস্যাকে ব্যবহার করে কেউ বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা তৈরির চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না।
তিনি বলেন, দেশের জনগণ সরকারকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। সরকার গণতান্ত্রিক রীতিনীতি সমুন্নত রাখবে। একই সঙ্গে যারা অরাজকতা সৃষ্টির চেষ্টা করবে, তাদের আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় গত ১৬ বছরের শাসনামলের বিভিন্ন সংকটের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিকভাবে বিভ্রান্তি ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে কি না, সে বিষয়েও সতর্ক থাকতে হবে।
জ্বালানি সংকট ও বিদ্যুতের দুর্ভোগের কথা স্বীকার করে প্রধানমন্ত্রী বলেন, সরকার একটি ভঙ্গুর অর্থনীতি ও জ্বালানি ব্যবস্থা পেয়েছে। বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে থাকা সাধারণ মানুষ ও শিল্পমালিকদের কাছে তিনি দলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন। ভবিষ্যতে যেন এমন সংকট পুনরায় তৈরি না হয়, সে লক্ষ্যেই সরকার কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে।
কালের আলো/এমএসআইপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ । ৯:০২ অপরাহ্ণ