প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে প্রবেশের চেষ্টা, হেফাজতে বাইকার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ । ১০:৩৫ অপরাহ্ণ

রাজধানীর ফার্মগেটে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুষ্ঠানস্থলে প্রবেশের সময় নির্ধারিত নিরাপত্তা বেষ্টনীতে ঢোকার চেষ্টা করার অভিযোগে এক মোটরসাইকেল চালককে হেফাজতে নিয়েছে পুলিশ।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর অনুষ্ঠানস্থলে প্রবেশের পর খামারবাড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।

পুলিশ জানায়, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর আগমন ও জনসমাগমকে কেন্দ্র করে খামারবাড়ি মোড় থেকে ফার্মগেটমুখী সড়কের বাম পাশের লেন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। তবে ডান পাশের লেনে যান চলাচল স্বাভাবিক ছিল।

প্রধানমন্ত্রীর গাড়িবহর বিজয়সরণি ও উড়োজাহাজ ক্রসিং হয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশের পর ওই বাইকার বন্ধ করে রাখা বাম পাশের লেনে ঢোকার চেষ্টা করেন। এ সময় দায়িত্বে থাকা এক ট্রাফিক সার্জেন্ট তাকে থামিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।

পরে মোটরসাইকেলসহ ওই যুবককে তেজগাঁও থানা পুলিশ হেফাজতে নেয়। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

ওসি মনিরুজ্জামান বলেন, ওই যুবক পুলিশকে জানিয়েছেন, বাম পাশের লেন বন্ধ থাকার বিষয়টি তিনি জানতেন না। তার আগের কোনো অপরাধের রেকর্ড আছে কি না, তা যাচাই করা হয়েছে। তবে এখন পর্যন্ত সন্দেহজনক কোনো তথ্য পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, তাকে জিজ্ঞাসাবাদসহ প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন