রাজধানীর ফার্মগেটের খামারবাড়িতে একটি অনুষ্ঠানে যাওয়ার সময় নিরাপত্তাবেষ্টনী ভেদ করে প্রধানমন্ত্রীর গাড়ির কাছাকাছি চলে যাওয়ার অভিযোগে মুবিন মাঝি নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, মুবিন মোটরসাইকেল নিয়ে নিরাপত্তাবেষ্টনী অতিক্রম করে প্রধানমন্ত্রীর গাড়ির কাছাকাছি চলে যান। একপর্যায়ে তিনি গাড়ির পাশে গিয়ে সালাম দেন। পরে ঘটনাস্থল থেকে পুলিশ তাকে আটক করে।
আটক মুবিন মাঝির গ্রামের বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া এলাকায়। তিনি ওই এলাকার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ইউনুস মাঝির ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মুবিনের পরিবারের একাধিক সদস্য শিক্ষকতা ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। তার এক চাচা ইদ্রিস মাঝি অবসরপ্রাপ্ত শিক্ষক। আরেক চাচা প্রয়াত ইউসুফ মাঝি সরকারি আবুল কালাম ডিগ্রি কলেজের ছাত্র সংসদের এজিএস ছিলেন। অপর চাচা শাহিন মাঝি দেহেরগতি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।
স্থানীয়দের দাবি, মুবিন একসময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে দীর্ঘদিন তিনি প্রবাসে ছিলেন। পরে ঢাকায় ফিরে মোটরসাইকেল রাইড শেয়ারিংয়ের কাজ শুরু করেন। বর্তমানে স্ত্রী ও এক সন্তান নিয়ে ঢাকায় বসবাস করছেন বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, মুবিন মাঝিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে কী উদ্দেশ্যে তিনি প্রধানমন্ত্রীর গাড়িবহরের নিরাপত্তাবেষ্টনী ভেদ করে প্রবেশ করেছিলেন, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
কালের আলো/এসকে/এমএসআইপি

বরিশাল প্রতিবেদক
প্রকাশের সময়: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ । ৪:৩৩ পূর্বাহ্ণ