শাবনূরের ভাইয়ের বাসায় তাসকিন, জমল বারবিকিউ পার্টি

বিনোদন প্রতিবেদক
প্রকাশের সময়: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ । ১২:০৪ অপরাহ্ণ

বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। সিডনিতে থাকা এই অভিনেত্রীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে এবার তার ভাইয়ের বাসায় সময় কাটিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদ। সেখানে দুই অঙ্গনের জনপ্রিয় এই তারকার দেখা হওয়ার পাশাপাশি জমে ওঠে পারিবারিক আড্ডা ও বারবিকিউ পার্টি।

পরিবার নিয়ে বর্তমানে অস্ট্রেলিয়ায় রয়েছেন তাসকিন। সম্প্রতি পরিবারের সদস্যদের সঙ্গে শাবনূরের ভাইয়ের বাসায় অতিথি হন তিনি। সেখানেই শাবনূর ও তাসকিনের দেখা হয়। আনন্দঘন সেই মুহূর্তের কিছু ছবি ও অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন দুজনই।

তাসকিনের সঙ্গে কাটানো সময়ের কথা জানিয়ে শাবনূর সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, সিডনিতে তার ভাইয়ের বাসায় পরিবারের সদস্যদের সঙ্গে প্রিয় ক্রিকেটার তাসকিন আহমেদের বারবিকিউ পার্টিতে দারুণ সময় কেটেছে।

তাসকিন ও তার পরিবারের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন এই অভিনেত্রী। পাশাপাশি বাংলাদেশের ক্রিকেটে তাসকিনের অবদানের প্রশংসা করে তাকে দেশের গর্ব হিসেবে উল্লেখ করেন শাবনূর। ভবিষ্যৎ ক্যারিয়ারে তাসকিনের আরও সাফল্য কামনা করেন তিনি।

অন্যদিকে তাসকিনও সামাজিক যোগাযোগমাধ্যমে শাবনূরকে ‘আপু’ সম্বোধন করে এই সাক্ষাতের আনন্দের কথা জানিয়েছেন। নব্বই দশকের জনপ্রিয় এই নায়িকার সঙ্গে তার পারিবারিক আড্ডার মুহূর্ত ভক্তদের মধ্যেও বেশ আগ্রহ তৈরি করেছে।

দুই ভিন্ন অঙ্গনের জনপ্রিয় এই দুই তারকার এমন আন্তরিক সাক্ষাৎ সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সাড়া ফেলেছে।

কালের আলো/এসএ

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন