অবৈধ লোন অ্যাপ থেকে সাবধান, বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ । ১২:১১ অপরাহ্ণ

অনলাইনে চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে অনুমোদনহীন মোবাইল অ্যাপ থেকে ঋণ নিয়ে প্রতারণা ও ব্ল্যাকমেইলের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এ ধরনের প্রতারক চক্রের বিষয়ে সতর্ক করে বিশেষ বার্তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এসব অ্যাপে নিবন্ধন বা অ্যাপ ইনস্টল করার পরপরই গ্রাহকের ফোনে থাকা সংরক্ষিত নম্বর, ছবি, ভিডিও, ব্যক্তিগত তথ্য ও মেসেজসহ বিভিন্ন তথ্য নিয়ন্ত্রণকারীদের হাতে চলে যেতে পারে।
পরবর্তীতে ঋণ দেওয়ার পর নির্ধারিত সময়ের আগেই চড়া সুদসহ অস্বাভাবিক পরিমাণ অর্থ দাবি করা হয়। গ্রাহক সেই টাকা পরিশোধে ব্যর্থ হলে ফোনে থাকা ব্যক্তিগত বা স্পর্শকাতর ছবি ও তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এভাবে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের পাশাপাশি গ্রাহকদের হয়রানি ও ব্ল্যাকমেইল করছে চক্রগুলো।
বাংলাদেশ ব্যাংক বলছে, অনুমোদন ছাড়া অনলাইনে অ্যাপের মাধ্যমে ঋণ দেওয়ার কার্যক্রম সম্পূর্ণ বেআইনি। ‘পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪’-এর ১৫(২) ধারা অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া এ ধরনের কার্যক্রম পরিচালনা নিষিদ্ধ। একই আইনের ৩৭(১) ধারায় এটিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, শুধু অবৈধ অ্যাপ পরিচালনাকারীরাই নয়, এসব অ্যাপে নিবন্ধন করে বা ঋণ লেনদেনের মাধ্যমে গ্রাহকরাও অনিচ্ছাকৃতভাবে আইনি জটিলতায় জড়াতে পারেন।
এ কারণে অনলাইনে প্রচারিত কোনো অনুমোদনহীন ঋণ অ্যাপে নিবন্ধন বা ঋণ গ্রহণ না করার পাশাপাশি এসব অ্যাপের সঙ্গে যেকোনো ধরনের লেনদেন থেকে বিরত থাকতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন