পাকিস্তানকে ৫-১ গোলে হারিয়ে বাংলাদেশের মেয়েদের টানা দ্বিতীয় জয়

স্পোর্টস ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ । ৫:৩২ অপরাহ্ণ

ছেলেরা টানা দুই ম্যাচে হারলেও জুনিয়র এশিয়া কাপে দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দল। প্রথম ম্যাচে চায়নিজ তাইপেকে ৭-০ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৫-১ গোলে হারিয়েছে তারা।

চীনের মোকি ট্রেনিং গ্রাউন্ডে ম্যাচের নবম মিনিটে নূপুরের ফিল্ড গোলে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে নাদিরা এমা ব্যবধান দ্বিগুণ করেন। ৩৩ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে সারিকা রিমনের গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।

৪১ মিনিটে পাকিস্তান একটি গোল শোধ করলেও বাংলাদেশ দ্রুত ঘুরে দাঁড়ায়। দুই মিনিট পর কণা আক্তারের গোলে ব্যবধান আবার বাড়ে। ম্যাচের ৫৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আইরিন আক্তার বাংলাদেশের পঞ্চম গোলটি করেন।

টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে চ্যালেঞ্জার পুলের শীর্ষে রয়েছে বাংলাদেশ। এই পুলে বাংলাদেশের সঙ্গে রয়েছে কাজাখস্তান, পাকিস্তান, চায়নিজ তাইপে ও হংকং।

টুর্নামেন্টে এটি বাংলাদেশের মেয়েদের দ্বিতীয় অংশগ্রহণ। ২০২৪ সালের আসরে নবম হয়েছিল তারা। এবারের ১০ দলের প্রতিযোগিতায় চ্যালেঞ্জার পুলের শীর্ষ তিন দল ও এলিট পুলের পাঁচ দল কোয়ার্টার ফাইনালে উঠবে।

কালের আলো/এসএ

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন