টার্মিনাল সরিয়ে ঢাকার যানজট কমানোর উদ্যোগ সরকারের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ । ৭:৪৫ অপরাহ্ণ

ঢাকার যানজট নিরসনে গাবতলী, মহাখালী, সায়েদাবাদ ও গুলিস্তান—এই চারটি বাস টার্মিনালের ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প স্থানে টার্মিনাল ও ডিপো ব্যবহারের উদ্যোগ নিয়েছে সরকার।

রোববার সচিবালয়ে বৃহত্তর ঢাকার যানজট নিরসনে গঠিত জাতীয় কমিটির সভা শেষে সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, রাজধানীর যানজটের অন্যতম কারণ শহরের ভেতরে বাস ও গণপরিবহনের অতিরিক্ত চাপ। এ চাপ কমাতে বিদ্যমান টার্মিনালগুলোর পাশাপাশি বিকল্প অবকাঠামো ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি জানান, বর্তমানে থাকা বিভিন্ন ডিপোর কিছু অংশ বাস টার্মিনাল হিসেবে ব্যবহারের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে কাঁচপুর ও পূর্বাচলের মতো এলাকাগুলো ব্যবহারের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

গাবতলী বাস টার্মিনাল আরও সম্প্রসারণের বিষয়েও সভায় আলোচনা হয়েছে। টার্মিনালের পাশের নতুন জায়গাগুলো দ্রুত কীভাবে কাজে লাগানো যায়, সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া ঢাকার প্রবেশপথে গণপরিবহনের চাপ কমাতে বিকল্প অবকাঠামো দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জ, গাজীপুরসহ ঢাকার আশপাশের বিভিন্ন এলাকায় সড়কের ওপর থাকা অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদের সিদ্ধান্তও হয়েছে।

সিটি করপোরেশনের অধীনে থাকা টার্মিনালগুলোর মান উন্নয়ন, বাসের কাউন্টার স্থাপন এবং যাত্রীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি এসি বাসগুলোকে নির্দিষ্ট টার্মিনাল ব্যবহারের সুযোগ দেওয়ার বিষয়েও সমন্বয় করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, শুধু সড়ক প্রশস্ত বা নতুন সড়ক নির্মাণ করে ঢাকার যানজটের স্থায়ী সমাধান সম্ভব নয়। গণপরিবহনের টার্মিনাল, বাস চলাচল, পার্কিং, কাউন্টার ব্যবস্থাপনা এবং রাজধানীর প্রবেশ ও বহির্গমনপথে যানবাহনের চাপ—সবকিছু সমন্বিতভাবে বিবেচনা করতে হবে।

কালের আলো/এসকে/এমএসআইপি 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন